Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

টম অ্যান্ড জেরির গল্প যেন শেষ হবার নয়: আসিফ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম

টম অ্যান্ড জেরির গল্প যেন শেষ হবার নয়: আসিফ

আসিফ আকবর। ছবি: সংগৃহীত

Advertisement

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। সম্প্রতি এক ফেসবুক পোস্টে শিল্পীদের সামাজিক নিরাপত্তাহীনতা ও তাদের জীবনের বাস্তবতা নিয়ে হতাশা প্রকাশ করেন তিনি। সঙ্গে সেই পোস্টে করোনাকালের তিক্ত অভিজ্ঞতাও তোলেন তিনি।

এই কণ্ঠশিল্পী লেখেন, ‘পবিত্র রমজান মাস এলেই করোনাকালীন যন্ত্রনা তাড়িয়ে বেড়ায়। এমনিতেই বাংলাদেশের সমস্ত সমস্যা প্রতিফলিত হয় সংস্কৃতি অঙ্গনে, প্রথম চালানেই বন্ধ হয় সঙ্গীতের কার্যক্রম। এ দেশে শিল্পীদের রাষ্ট্রীয়ভাবে সামাজিক নিরাপত্তা প্রাপ্তির কোনো অপশন নেই। ব্যাংক লোন দেয় না। বাড়িওয়ালা দেয় না বাসা ভাড়া। তবুও থেমে নেই চর্চা, চলছে পেশা নিয়ে টিকে থাকার যুদ্ধ।’

করোনাকালীন শিল্পী জীবনের বাস্তবতা তুলে ধরে আসিফ লেখেন, ‘করোনার সময় আমরা রেকর্ডিং করতাম মোবাইল ফোনে। স্টুডিও বন্ধ, টেকনিশিয়ান নাই, সব কাজ হতো বাসায় অবস্থান করেই। নিরাপত্তা আতঙ্কে মিউজিশিয়ানরা কেউ চলে গেছেন শহর ছেড়ে, কেউ প্রবাসে, কেউ বদলে ফেলেছেন পেশা। তবুও শুকরিয়া, ধ্রুব গুহ দাদার মতো দুই-একজন বোকা প্রডিউসার ছিলেন আমাদের পাশে।’

সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একদল চাটুকার শ্রেণির ওঠা-নামাকে ‘টম অ্যান্ড জেরি’র সঙ্গে তুলনা করে আসিফ বলেন, ‘যেভাবে সরকার যায় সরকার আসে, ঠিক সেভাবেই চাটুকারের দল যায়, চাটুকারের দল আসে। একঘেয়ে গালভরা বুলি আর স্বপ্ন পোড়া ছাই- এই টম অ্যান্ড জেরির গল্প যেন শেষ হবার নয়!

এখন দেশে মিউজিক বা ফিল্ম ইন্ডাস্ট্রি বলে কিছু নেই, আছে সেগুলোর কংকালসার অবয়ব। এই অবয়ব দিয়ে ল্যাবেও (গবেষণা) কাজ হবে না। করোনা শিক্ষা আর আতঙ্ক নিয়ে এসেছিল, চলেও গেছে। আমরা সব ভুলে যাই বরাবরের মতো, বিপদ কেটে যাওয়ায় আবারও হয়ে গেছি অহংকারী। সংস্কৃতিকর্মীদের নিজেদের স্বার্থপরতায় প্রতি পদে পদে নিহত হয় সম্ভাবনা,আর সাংস্কৃতিক বলয়ে ছড়ি ঘোরায় অভিশপ্ত পদাতিক।  তবুও... ভালোবাসা অবিরাম।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম