Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

চার দশক পর একই সিনেমায় রজনীকান্ত ও কমল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০০ পিএম

চার দশক পর একই সিনেমায় রজনীকান্ত ও কমল

কমল হাসান ও রজনীকান্ত। ছবি: সংগৃহীত

Advertisement

তামিল চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের নাম উঠলে এর পরই আরেকজনের নাম সিনেমাপ্রেমীদের মনে আসবেই। তিনি হলেন সুপারস্টার কমল হাসান। এই দুই মহাতারকা দশকের পর দশক ধরে ভারতের রুপালি পর্দায় দর্শকদের মাতিয়ে আসছেন।  

বুড়ো হয়ে গেলেও এখনো তাদের নিয়ে দর্শকের উন্মাদনা যেন এতটুকু কমেনি। মাঝে দীর্ঘদিন দুজনকে এক সিনেমায় দেখা না গেলেও এবার সেই আক্ষেপই ঘোচাতে চলেছেন পরিচালক নেলসন দীলিপ কুমার।

চার দশকের বেশি সময় পর এবার রজনীকান্ত ও কমল হাসানকে একসঙ্গে করে বড় পর্দায় ফিরছেন এই নির্মাতা, যা ভারতীয় সিনেমার জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত অভিনীত ব্যবসাসফল ছবি ‘জেলার’-এর নির্মাতা তিনি।

নেলসনের নতুন এই প্রজেক্টের প্রাথমিক পর্যায়ে নাম রাখা হয়েছে ‘কেএইচ অ্যান্ড আরকে’। নামের মধ্যেই স্পষ্ট- এটি দুই তারকার সমান উপস্থিতির গল্প। সম্প্রতি প্রকাশিত প্রোমোতেই যার ইঙ্গিত মিলেছে।

রসিকতা, খুনসুটি আর স্টাইলের মিশেলে তৈরি প্রোমোতে দেখা যায়- স্টাইলিশ লুকে পাশাপাশি হাঁটছেন রজনীকান্ত ও কমল হাসান। তারা এগিয়ে যান একটি গ্যারেজের দিকে, তারপর একই গাড়িতে বসেন। পেছনের সিটে বসে আছেন পরিচালক নেলসন ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর।

নতুন গানের ঝলক শোনাতে চাইলে কমল হাসান গম্ভীর স্বরে প্রশ্ন ছুড়ে দেন, ‘ওসব পরে শুনব, আগে বলো- এই সিনেমায় নায়ক কে?’ রজনীকান্তও ঠিক একই প্রশ্ন করেন। কিন্তু পরিচালক কোনো উত্তর দেন না। রহস্য আর রসিকতার এই টানাপোড়েনেই শেষ হয় প্রোমো।

রজনীকান্ত ও কমল হাসানকে একত্রিত করার বিষয়টি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রেড জায়ান্ট মুভিজও এক বিবৃতিতে নিশ্চিত করেছে। প্রোমো প্রকাশ ও প্রযোজনা প্রতিষ্ঠানের বিবৃতির পর থেকেই আসন্ন এ ছবিটি ঘিরে সামাজিক মাধ্যমে ভক্তরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন।

উল্লেখ্য, রুপালি পর্দায় রজনীকান্ত ও কমল হাসান দুজনের ক্যারিয়ারই বেশ বড় ও সমৃদ্ধ। দীর্ঘ ক্যারিয়ারে একাধিক সিনেমায় তারা একসঙ্গে অভিনয় করেছেন। সত্তর ও আশির দশকে একাধিক তামিল ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা— যেমন ‘অপূর্ব রাগাঙ্গাল’, ‘মুন্দ্রু মুদিচু’ এবং ‘আভারগাল’।

১৯৭৯ সালের ‘আলাউদ্দিনাম আলভুথা ভিলাক্কুম’ ছিল তাদের শেষ যৌথ ফ্যান্টাসি ছবি। এই সিনেমায় দুই তারকাই মুখ্য ভূমিকায় অভিনয়ে ছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম