Logo
Logo
×
   

বিনোদন

জেমসের গিটারের টুলবক্সের চাবি চুরি করতেন রথী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

জেমসের গিটারের টুলবক্সের চাবি চুরি করতেন রথী

কানিজ রাবেয়া রথী। ফাইল ছবি

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী মাহফুজ আনাম জেমস। সম্প্রতি এক অনুষ্ঠানে তার সাবেক স্ত্রী কানিজ রাবেয়া রথী গায়কের সঙ্গে কাটানো সময় নিয়ে না জানা অনেক কথা শেয়ার করেছেন। নগরবাউলখ্যাত জেমস ১৯৯১ সালে বিয়ে করেছিলেন সে সময়ের জনপ্রিয় মডেল রথীকে। ১৯৮৯ সালে একটি ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন তিনি। যদিও তার আগেই বড়পর্দায় অভিষেক হয় তার।

প্রয়াত সুভাষ দত্ত পরিচালিত ‘আগমন’ সিনেমায় রাজ্জাক, সুচন্দা, ববিতা, হানিফ সংকেতদের সঙ্গে অভিনয় করেন তিনি। পরে মোহাম্মদ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমায় অভিনয় করেন। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া সেই সিনেমার মাধ্যমে চিত্রনায়ক আমিন খানেরও অভিষেক হয়। রথীর নাম বদলে মোহাম্মদ হোসেন সে সময় তার নতুন নাম দিয়েছিলেন ‘চাঁদনী’। 

পরে বিনোদন জগৎ থেকে বিদায় নিয়ে আবারও রথী নামেই ফিরে এসেছিলেন তিনি। জেমস ও রথীর সংসার ভেঙে যায় ২০০৩ সালে। এই দীর্ঘ সময়ে সংসারের অনেক টক-ঝাল-মিষ্টি গল্প রথী জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘রাঙা সকাল’-এ। 

রথী বলেন, ‘তখন আমার বয়স কম ছিল। ছেলে মানুষী আচরণ বেশি ছিল। জেমস আমাকে সময় না দিলে অভিমান করে ওর গিটারের টুলবক্সের চাবি চুরি করতাম। কনসার্টে গিয়ে ও চাবি খুঁজে পেত না, সে সময় আমি ভীষণ মজা পেতাম। অন্য সবার মতে আমিও জেমসের গানের মহাভক্ত ছিলাম। তবে ও আমাকে সবসময় কনসার্টে নিয়ে যেত না। সেজন্য আমি নিজেই টিকিট কেটে সাধারণ দর্শকদের মতো স্বামীর কনসার্ট উপভোগ করতে যেতাম।’ 

বর্তমানে অভিনয় না করলেও উদ্যোক্তা হিসাবে কাজ করছেন রথী। রুম্মান রশীদ খান ও ইয়াসমিন লাবণ্যের উপস্থাপনায় অনুষ্ঠানটি ঈদের ৭ম দিন প্রচার হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম