Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বলিউড অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ১০:০৩ পিএম

ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বলিউড অভিনেত্রীর প্রেমের গুঞ্জন

ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিল। ছবি: সংগৃহীত

Advertisement

চলতি আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ম্যাচগুলোতে গ্যালারিতে নিয়মিত দেখা মিলছে ভারতীয় অভিনেত্রী শেহনাজ গিলের। আরসিবির প্রতি তার এই বাড়তি ভালোবাসাকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর গুঞ্জন। নেটিজেনদের একাংশের ধারণা, আরসিবির তরুণ ক্রিকেটার দেবদূত পাডিক্কালের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শেহনাজ। 

একটি ম্যাচের ফাঁকে এক ঘরোয়া আড্ডায় নিজের পছন্দের ক্রিকেটারদের নাম বলতে গিয়ে শেহনাজ বলেন, ‘আমি বিরাট কোহলিকে ভালোবাসি। আর মাঠে দেবদূতের খেলা আমার দারুণ লাগে।’ তার এই মন্তব্যের পর থেকেই প্রেমের গুঞ্জন আরও ডালপালা মেলতে শুরু করে।

এখানেই শেষ নয়, চলতি মাসের শুরুর দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রিল ভিডিও শেয়ার করে শেহনাজ ক্যাপশনে লেখেন, ‘মন তো আরসিবিতেই আছে’। এরপর থেকেই মূলত আলোচনা রূপ নেয় জল্পনায়। 

সম্প্রতি আরসিবির একটি জমজমাট ম্যাচ জয়ের পর দলটির জার্সি গায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেন শেহনাজ। গত বৃহস্পতিবার একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘দারুণ মজা হলো’। 

ভিডিওটিতে গ্যালারিতে দাঁড়িয়ে বেঙ্গালুরুর হয়ে তাকে গলা ফাটাতে দেখা যায়। তবে এই প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত শেহনাজ গিল বা দেবদূত পাডিক্কাল কেউই কোনো মন্তব্য করেননি। 

পাঞ্জাবের বিনোদন জগৎ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও রিয়ালিটি শো ‘বিগ বস ১৩’-এর মাধ্যমে দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পান শেহনাজ গিল। পরবর্তীতে সালমান খান, পূজা হেগড়ে, ভেঙ্কটেশ দাগ্গুবতি এবং ভূমিকা চাওলা অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয়। 

তাকে সবশেষ দেখা গেছে ভূমি পেড়নেকর, ডলি সিং, কুশা কপিলা এবং শিবানী বেদীর সঙ্গে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমায়। ২০২৩ সালে ৪৬তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল।

তবে আপাতত মাঠের ক্রিকেট ছাপিয়ে শেহনাজের এই ‘আরসিবি প্রেম’ বলিপাড়ায় নতুন আলোচনার খোরাক জোগাচ্ছে। 

সূত্র: ইন্ডিয়া টুডে 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম