Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, উচ্ছ্বসিত নাবিলা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:৫১ পিএম

ঈদে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’, উচ্ছ্বসিত নাবিলা

Advertisement

২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া ‘বনলতা সেন’ সিনেমাটি নিয়ে শুরু থেকেই সিনেমাপ্রেমী দর্শকদের প্রবল আগ্রহ ছিল। কারণ সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু দেশের তৎকালীন পরিস্থিতির কারণে মুক্তিতে তা কয়েকবার পিছিয়ে যায়। এতে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেলেন।

‘বনলতা সেন’ সিনেমাটি কয়েক দফা মুক্তি পেছানোর পর আবার বড়পর্দায় আসার কথা শোনা গেছে। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’-এ কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যময়ী নারীর চরিত্র নিয়ে নির্মিত এ সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে।

শুক্রবার (১৫ মে) সামাজিক মাধ্যমে ‘বনলতা সেন’ সিনেমাটির একটি বিশেষ পোস্টার শেয়ার করে নিয়েছেন কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা করা মাসুমা রহমান নাবিলা। 

তবে সিনেমাটি ঘিরে শুরু থেকেই চলতে থাকা আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না। সিনেমা মুক্তির ঘোষণার পরপরই আবারও নতুন সমস্যা তৈরি হওয়ায় এটি বড়পর্দায় আসা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। জানা গেছে, ‘বনলতা সেন’ সিনেমার সহপ্রযোজক তরুণ মজুমদার আবারও আদালতের দ্বারস্থ হন।

অভিনেত্রী নাবিলা ক্যারিয়ারের শুরুতেই ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে দর্শকহৃদয়ে জায়গা করে নেওয়ার পর দীর্ঘ বিরতি শেষে আবার পর্দায় ফিরছেন। সিনেমাটির সহপ্রযোজকের আইনি পদক্ষেপের কারণে নতুন করে শঙ্কা তৈরি হলেও নাবিলা অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন পুরো বিষয়টি।

‘বনলতা সেন’ সিনেমাটির নতুন সমস্যা ও মুক্তি নিয়ে নাবিলা বলেন, ঈদে দ্বিতীয়বার আমার সিনেমা মুক্তি পাচ্ছে, এটা সত্যি আনন্দের। তবে উচ্ছ্বাসের সঙ্গে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছি, তাই কিছুটা নার্ভাসও ফিল করছি। 

তিনি বলেন, সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়। আমি যতদূর জানি সমস্যা সমাধান হওয়ার পরই ঘোষণা এবং পোস্টার অবমুক্ত করা হয়েছে। আশা করছি, সঠিক সময়ে পর্দায় আসবে সিনেমাটি।

নাবিলা বলেন, ‘এটা আর নতুন করে বলার কিছু নেই যে, দর্শকরা সিনেমা দেখেন। তারা এখন বিভিন্ন ঘরানার সিনেমাই দেখেন। এবার সেই ধারাবাহিকতা থাকবে।’

উল্লেখ্য, খায়রুল বাসার ও নাবিলা ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম