Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গভীর রাতে কেন ‘কবর’ খুঁড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৮:১০ পিএম

গভীর রাতে কেন ‘কবর’ খুঁড়েছিলেন শাহরুখ, গৌরীর মামার ভিডিওতে তথ্য

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খান যে কেবল রুপালি পর্দাতেই আবেগের রাজা নন, বরং বাস্তবজীবনেও তার মন কতটা সংবেদনশীল, তারই এক অনন্য প্রমাণ মিলল সামাজিক মাধ্যমে। 

সম্প্রতি শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের মামার একটি পুরোনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। সেখানে তিনি শেয়ার করেছেন কীভাবে নিজের প্রিয় পোষা কুকুরের মৃত্যুর পর গভীর রাতে ব্যাকুল হয়ে উঠেছিলেন কিং খান। 

ভাইরাল হওয়া সেই ভিডিওতে গৌরীর মামা জানান, তিনি গৌরীকে একটি ‘চাইনিজ পেকিনিজ’ জাতের কুকুর উপহার দিয়েছিলেন। কিন্তু অল্প দিনেই কুকুরটির মৃত্যু হয়। 

ঘটনাটি ঘটেছিল বেশ কয়েক বছর আগে। শাহরুখ তখন একটি শুটিংয়ের কাজে মুম্বাইয়ের বাইরে ছিলেন। তার অনুপস্থিতিতেই হঠাৎ কুকুরটি মারা যায়। বাড়ির কর্মচারীরা তখন সেটিকে একটি সুন্দর কাপড়ে জড়িয়ে সমুদ্রসৈকতের পাশে মাটিচাপা দিয়ে আসেন। 

গৌরীর মামা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘শাহরুখ যখন রাত আড়াইটার দিকে শুটিং শেষ করে বাড়ি ফেরেন, তখন কুকুরটির খোঁজ করেন। কর্মচারীরা জানান যে সে আর নেই এবং সমুদ্রের পাড়ে তাকে মাটিচাপা দেওয়া হয়েছে। কথাটি শোনার পর শাহরুখ স্থির থাকতে পারেননি।’ 

তিনি তৎক্ষণাৎ বাড়ির কর্মচারীদের ডেকে তোলেন এবং গভীর রাতেই সেই মাটিচাপা দেওয়ার স্থান দেখানোর জন্য জেদ ধরেন। রাত আড়াইটায় তিনি সবাইকে নিয়ে সমুদ্রসৈকতে যান। সেখানে গিয়ে নিজের হাতে ‘কবর’ খুঁড়ে কুকুরটির মৃতদেহ বের করে নিয়ে আসেন। এরপর বাড়ির পেছনের উঠোনে এনে এটিকে নতুন করে মাটিচাপা দেন এবং সেই জায়গাটি চিহ্নিত করে রাখেন। সে সময় শাহরুখ ভীষণ কেঁদেছিলেন এবং বলেছিলেন— তোমাদের সাহস কী করে হলো আমার কুকুরকে এভাবে বাইরে ফেলে আসার? সে জীবিত হোক বা মৃত, তাকে আমাদের সঙ্গেই থাকতে হবে।’ 

সম্প্রতি গৌরী খানও তার সামাজিক মাধ্যমে শাহরুখ এবং একটি পোষ্য কুকুরের সঙ্গে বহু পুরোনো একটি ছবি শেয়ার করেছিলেন। ধারণা করা হচ্ছে, ছবিতে থাকা পেকিনিজ কুকুরটিই ছিল এই ঘটনার মূল কেন্দ্রবিন্দু। 

প্রসঙ্গত, শাহরুখ খান বরাবরই একজন পশুপ্রেমী হিসেবে পরিচিত। এর আগে তার ঘরে ‘ড্যাশ’ (জাপানিজ চিন), ‘হাল্ক’ (ল্যাব্রাডর), ‘কাই’ এবং ‘জুসি’ (মাল্টিজ)—এই চারটি কুকুর ছিল। 

ঘনিষ্ঠ সূত্রমতে, শাহরুখ যখনই মানসিকভাবে বিষণ্ণ বোধ করতেন, তখন নিজের পোষ্যদের সঙ্গে কথা বলে হালকা হতেন। 

১১ বছর আগে যখন তার প্রিয় কুকুর ‘ড্যাশ’ মারা যায়, তখন অত্যন্ত আবেগঘন একটি বার্তাও দিয়েছিলেন শাহরুখ। তৎকালীন টুইটারে (বর্তমানে এক্স) তিনি লিখেছিলেন, ‘পরম ভালোবাসা সেটাই যা প্রকাশ করতে হয় না। যা ভালোবাসার স্বরূপকেই বদলে দেয়—অভিব্যক্তি থেকে বিশ্বাসে রূপান্তর করে, ঠিক যেমনটা আমাদের ছোট ড্যাশের ছিল। শান্তিতে ঘুমাও।’ 

ব্যক্তিগত জীবনের এই আবেগঘন দিকটির পাশাপাশি পেশাগত জীবনে দারুণ ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। বর্তমানে তিনি তার আসন্ন চলচ্চিত্র ‘কিং’-এর শুটিং করছেন। এই অ্যাকশন-ড্রামা ঘরানার সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় আরও দেখা যাবে দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন এবং শাহরুখ-কন্যা সুহানা খানকে। 

সূত্র: এনডিটিভি 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম