নিখোঁজ অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিনের লাশ উদ্ধার
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:৩৩ পিএম
কানাডিয়ান অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিন। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নেটফ্লিক্সের জনপ্রিয় রোমান্টিক ড্রামা সিরিজ ‘ভার্জিন রিভার’র অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিনের (৪৫) নিখোঁজ হওয়ার কয়েক দিন পর কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ এই ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।
শুক্রবার (২২ মে) ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (আইএইচআইটি) জানায়, ভ্যাঙ্কুভার থেকে প্রায় ৩০ মাইল উত্তরে অবস্থিত লায়নস বে নামক এলাকা থেকে অভিনেতার লাশ উদ্ধার করা হয়। তবে ঠিক কবে লাশটি খুঁজে পাওয়া গেছে, তা স্পষ্ট করে জানানো হয়নি।
তদন্তকারী কর্মকর্তাদের মতে, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে ধারণা করা হচ্ছে এবং এতে সাধারণ জনগণের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। বর্তমানে বিসি করোনার্স সার্ভিস মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য কাজ করছে।
পুলিশ জানায়, গত ১৫ মে লায়নস বে-তে অবস্থিত নিজ বাসভবনে স্টুয়ার্ট ম্যাকলিনকে শেষবারের মতো দেখা গিয়েছিল। এরপর গত সোমবার স্কোয়ামিশ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) তার নিখোঁজ হওয়ার একটি অফিশিয়াল ডায়েরি গ্রহণ করে।
মঙ্গলবার (১৯ মে) এক বিবৃতিতে পুলিশ ম্যাকলিনের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তার খোঁজে জনসাধারণের সহযোগিতা কামনা করে। পরবর্তীতে তদন্তের এক পর্যায়ে স্কোয়ামিশ আরসিএমপি এমন কিছু প্রমাণ পায়, যা থেকে ধারণা করা হয় যে ম্যাকলিন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।
এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২১ মে) মামলাটি আনুষ্ঠানিকভাবে বিশেষ তদন্তকারী দল আইএইচআইটি-এর কাছে হস্তান্তর করা হয়।
এ প্রসঙ্গে আইএইচআইটি-এর কর্পোরাল এস্থার টুপার এক বিবৃতিতে বলেন, ‘আমরা অভিনেতার পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের প্রশ্নের উত্তর খোঁজার জন্য সব ধরনের সূত্র ধরে এগোচ্ছি। গত ১৫ মে-এর আগে ম্যাকলিনের কার্যক্রম কেমন ছিল, তার একটি সুনির্দিষ্ট টাইমলাইন তৈরি করতে সিসিটিভি ফুটেজ, শারীরিক তথ্য-প্রমাণ বিশ্লেষণ এবং পরিচিতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
স্টুয়ার্ট ম্যাকলিন তার ক্যারিয়ারে ৩০টিরও বেশি চলচ্চিত্রে ও নাটকে অভিনয় করেছেন। ‘ভার্জিন রিভার’ ছাড়াও তিনি ‘বিয়ন্ড’ এবং ‘ট্রেভেলার’ সিরিজের ভূমিকার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে বিনোদন জগতে গভীর শোক নেমে এসেছে। ম্যাকলিনের প্রতিনিধিত্বকারী এজেন্সি ‘লুকাস ট্যালেন্ট ইনকর্পোরেটেড’ এক ফেসবুক পোস্টে তাকে ‘উৎসর্গীকৃত, পেশাদার, কর্মচঞ্চল এবং অত্যন্ত রসিক’ মানুষ হিসেবে স্মরণ করেছে।
সূত্র: এনবিসি নিউজ

