Logo
Logo
×

বিনোদন

সুস্মিতার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন ললিত

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১২:৩০ পিএম

সুস্মিতার সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানালেন ললিত

ব্রহ্মাণ্ড সুন্দরী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে প্রেমের ঘোষণা দিয়েছিলেন আইপিএল প্রতিষ্ঠাতা তথা ব্যবসায়ী ললিত মোদি, যা দেখে চমকে গিয়েছিল বলিউড তথা পুরো বিশ্ব। আবার মাস কয়েক যেতে না যেতেই ব্রেকআপেও দেন সেই সিলমোহর। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীর সঙ্গে প্রেমভাঙার নেপথ্যে কারণ জানালেন সাবেক এ আইপিএল কর্তা।

এর আগে ২০২২ সালের জুলাই মাস। সামাজিক মাধ্যমে হঠাৎ একগুচ্ছ ছবি পোস্ট করে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সঙ্গে নিজের প্রেমের কথা ঘোষণা করেছিলেন ললিত মোদি। সেই খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। 

কিন্তু যেমন আকস্মিকভাবে সেই প্রেমের শুরু হয়েছিল, ঠিক তেমনই ঝড়ের গতিতে তা মিলিয়েও যায়। চারদিকে তাদের বিচ্ছেদের গুঞ্জন ছড়াতে বেশি সময় লাগেনি। অবশেষে দীর্ঘ টালবাহানার পর এবার সুস্মিতার সঙ্গে সেই বহুচর্চিত ব্রেকআপের আসল কারণ জানালেন তিনি। সম্প্রতি ‘হিউম্যানস অব বম্বে’ পডকাস্টে এসে নিজের অতীত সম্পর্ক নিয়ে কথা বলেন ললিত মোদি। 

অভিনেত্রী সুস্মিতা সেনের সঙ্গে বিচ্ছেদের আসল কারণ জানাতে গিয়ে তিনি দূরত্বের দিকেই আঙুল তুলেছেন। সাবেক এ আইপিএল কর্তা বলেন, সুস্মিতা আমার জীবনে ভীষণ স্পেশাল একজন মানুষ। আমার আজকের ব্যক্তিত্ব গড়ে ওঠার পেছনে সুস্মিতার অবদান অনেক। আজও সে আমার জীবনে বিশেষ কিছু। কিন্তু তাদের দুজনের মাঝের ভৌগোলিক দূরত্বটাই সব শেষ করে দিল।

ললিত মোদি বলেন, সুস্মিতার পুরো ক্যারিয়ার আর ব্যস্ততা ছিল ভারতে, আর আমার পাকাপাকি জীবন লন্ডনে। এই অতিরিক্ত দূরত্বের কারণেই সম্পর্কটা আর টিকিয়ে রাখা সম্ভব হয়নি। তবে বিচ্ছেদ হলেও সুস্মিতার প্রতি তার মনে কোনো তিক্ততা নেই। 

ললিত মোদির চোখে সুস্মিতা সেন একজন অসাধারণ নারী, যিনি একজন সিঙ্গেল মাদার হিসেবে তার দুই মেয়েকে যেভাবে বড় করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সুস্মিতা এবং তার পরিবার এখনো তার খুব ভালো বন্ধু বলে জানান ললিত মোদি। তিনি বলেন, যদি পেছন ফিরে তাকাই, মনে পড়ে ২০২২ সালে সুস্মিতার সঙ্গে মালদ্বীপ আর সার্ডিনিয়া ট্যুরের কথা। 

সেই সময় ললিত মোদি সামাজিক মাধ্যমে সেই ছবি পোস্ট করে লিখেছিলেন— ‘মাই লাভ'। এমনকি তাদের বিয়ের গুঞ্জন রটালে টুইট করে স্পষ্ট করেছিলেন, এখনই বিয়ে নয়, তারা স্রেফ ডেটিং করছেন।

কিন্তু কিছু দিন যেতে না যেতেই ললিত মোদি তার সামাজিক মাধ্যম থেকে সুস্মিতার সব ছবি মুছে দেন, যা তাদের ব্রেকআপের জল্পনা বাড়িয়ে দিয়েছিল।

এরপর ২০২৫ সালের ভ্যালেন্টাইনস ডেতে ললিত মোদি নিজেই তার নতুন প্রেমিকা রিমা বাউরির সঙ্গে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। 

উল্লেখ্য, ললিত মোদির প্রথম স্ত্রী মীনাল মোদি ২০১৮ সালে ক্যানসারের সঙ্গে লড়াই করে প্রয়াত হন। তবে নতুন সম্পর্কে জড়ালেও সুস্মিতার সঙ্গে কাটানো সেই রঙিন দিনগুলো যে তার জীবনের অন্যতম সেরা স্মৃতি, দর্শকদের সামনে আরও একবার স্পষ্ট করে দিলেন আইপিএল-কর্তা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম