Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘প্রথম ভালোবাসা’র প্রসঙ্গ যেভাবে এড়িয়ে গেলেন রাশমিকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৪:০২ পিএম

‘প্রথম ভালোবাসা’র প্রসঙ্গ যেভাবে এড়িয়ে গেলেন রাশমিকা

রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

Advertisement

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ত্রিমুখী সম্পর্ক নিয়ে নির্মিত সিনেমা ‘ককটেল ২’। এতে কেন্দ্রীয় চরিত্রে দুই নায়িকা রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননের বিপরীতে দেখা যাবে অভিনেতা শাহিদ কাপুরকে। 

সম্প্রতি বহুল প্রতীক্ষিত এই সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন তিন তারকা, যেখানে অবধারিতভাবেই উঠে আসে ‘প্রথম ভালোবাসা’র প্রসঙ্গ। আর এই প্রশ্নের মুখোমুখি হয়ে বিন্দুমাত্র দ্বিধা না রেখে অত্যন্ত স্পষ্ট ও চটজলদি জবাব দিয়ে আলোচনায় ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা। 

কিছুদিন আগেই অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই অভিনেত্রী জানান, তিনি বর্তমানে তার বিবাহিত জীবন নিয়ে অত্যন্ত সুখী এবং অতীত হাতড়ানোর কোনো প্রয়োজন তিনি দেখছেন না। 

অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থিত গণমাধ্যমকর্মীরা মঞ্চে থাকা ছবির মূল তারকা—কৃতি শ্যানন, রাশমিকা মান্দানা এবং শাহিদ কাপুরকে তাদের জীবনের প্রথম ভালোবাসা সম্পর্কে প্রশ্ন করেন।

সবার আগে মাইক্রোফোন হাতে নিয়ে রাশমিকা হেসে জবাব দেন, ‘আমি এই মুহূর্তে সংসার জীবন নিয়ে ভীষণ সুখে আছি। তাই আমার মনে হয় না যে এই বিষয়ে আমার পেছনে ফিরে তাকানো উচিত।’ 

তবে সহ-অভিনেত্রীর এই মন্তব্যের পর কৃতি শ্যানন সহজে হাল ছাড়েননি। তিনি রাশমিকাকে পুনরায় জিজ্ঞেস করেন যে, তার প্রথম ভালোবাসার কথা এখনো মনে আছে কিনা। জবাবে রাশমিকা বর্তমানকে প্রাধান্য দিয়ে বলেন, ‘কেন মনে থাকবে? আমি এখানে বর্তমানে এবং এই মুহূর্তে অনেক ভালো আছি।’ 

ভালোবাসা নিয়ে কৃতি ও শাহিদের ভিন্ন দর্শন

রাশমিকার উত্তরের পর কৃতি শ্যানন ভালোবাসা নিয়ে তার নিজস্ব চিন্তাভাবনা প্রকাশ করেন। তিনি বলেন, ‘যখন এটা ঘটে, তখন মনে হয় হয়তো এটাই ভালোবাসা। কিন্তু পরবর্তীতে মনে হয়, না—বোধহয় ওটা ভালোবাসা ছিল না। এমনটা হয়েই থাকে।’ 

একই আলোচনায় অংশ নিয়ে তারকা অভিনেতা শাহিদ কাপুর যোগ করেন, সবার প্রথম ভালোবাসার কথা মনে নাও থাকতে পারে। তার মতে, প্রথম নয় বরং মানুষের জীবনের ‘শেষ ভালোবাসাটাই’ আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 

শাহিদের ভাষায়, ‘আমার মনে হয় না প্রথম ভালোবাসার কথা সবার মনে থাকে। আসলে আপনার শেষ ভালোবাসাটাই আসল। প্রথম প্রথম তো ভালোবাসার মানেই বোঝা যায় না। কিন্তু সত্যিকারের ভালোবাসা হলো সেটাই, যার সঙ্গে আপনি থিতু হতে পারেন, বুঝতে পারেন যে তার সঙ্গে পুরো জীবন কাটানো সম্ভব এবং সে যেমন, তাকে ঠিক সেভাবেই গ্রহণ করে নেওয়া যায়।’ 

তারকাদের বাস্তব জীবনের প্রেম ও বিয়ে

বাস্তব জীবনে এই তিন তারকারই অতীতে সহ-অভিনেতাদের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল। তবে বর্তমানে শাহিদ কাপুর ২০১৬ সাল থেকে মীরা রাজপুতের সঙ্গে সুখে সংসার করছেন। 

অন্যদিকে রাশমিকা ও বিজয় দেবরকোন্ডা চলতি বছরের শুরুর দিকেই বিয়ের পিঁড়িতে বসেন। কৃতি শ্যানন বর্তমানে ব্যবসায়ী কবীর বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জোর গুঞ্জন রয়েছে এবং চলতি বছরেই তাদের বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। 

উল্লেখ্য, ‘ককটেল ২’ ছবিটি ২০১২ সালের ব্লকবাস্টার হিট ‘ককটেল’ ছবির একটি স্পিরিচুয়াল সিক্যুয়েল। প্রথম ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টি। হোমি আদাজানিয়ার পরিচালনায় নতুন এই সিক্যুয়েলটি আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম