Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আবার বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী জেনিফার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০৯:১৮ পিএম

আবার বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী জেনিফার

জেনিফার উইংগেট। ছবি: সংগৃহীত

Advertisement

জনপ্রিয় টিভি অভিনেত্রী জেনিফার উইংগেটকে নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের ধারণা— দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী। সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ী ইশমায়েল উইলিয়ামের সঙ্গে নাকি তার বাগদানও সম্পন্ন হয়েছে।

গণমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, কিছু দিন ধরে প্রেম করছেন ইশমায়েল ও জেনিফার উইংগেট। অভিনেত্রীকে ওই ব্যবসায়ী নাকি বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং তাতে সম্মতি পাওয়ায় এখন তারা বিয়ের প্রস্তুতি নিচ্ছেন।

এর আগে অভিনেতা করণ সিং গ্রোভারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী জেনিফার। ‘দিল মিল গায়ে’ টিভি শো’-এর সেটে দেখা হয়েছিল তাদের। এরপর প্রেম, পরে ২০১২ সালের এপ্রিলে বিয়ে করেছিলেন এ তারকা জুটি। কিন্তু বিয়ের মাত্র দুই বছর পর ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। 

এরপর ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘অ্যালোন’ সিনেমার শুটিংয়ের সময় অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে প্রেমে পড়েছিলেন অভিনেতা করণ সিং। ২০১৬ সালে এ তারকা জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

অন্যদিকে জেনিফার উইংগেটকে আর বিয়ের ব্যাপারে আগ্রহী দেখা যায়নি। তবে এবার বিয়ের খবর নিয়ে আলোচনায় অভিনেত্রী। সামাজিক মাধ্যমে একটি ওয়েডিং ড্যান্সের ইনস্টাগ্রাম রিলে মন্তব্য করার পর থেকেই তাদের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা খেয়াল করেন, অভিনেত্রী জেনিফার উইংগেট সামাজিক মাধ্যমে বিয়েসংক্রান্ত কিছু বিষয় ফলো করতে শুরু করেছেন। ফলে তার বিয়ের পিঁড়িতে বসার গুঞ্জন আরও জোরালো হতে থাকে। 

এদিকে গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইশমায়েল ও জেনিফার একসঙ্গে বেশ খুশি। তাদের একে অপরের প্রতি ভালোবাসা ও রসায়ন সত্যিই এক দারুণ মুহূর্ত। এক ছুটির দিনে অভিনেত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ইশমায়েল এবং তাতে রাজি হন অভিনেত্রী। বর্তমানে এ তারকা জুটি বিয়ের পরিকল্পনা করছেন। এরই মধ্যে অভিনেত্রী আয়োজক এবং ওয়েডিং সার্ভিসগুলোর তালিকা তৈরি করা শুরু করেছেন। এমনকি একটি খসড়াও তৈরি করেছেন বলে জানা গেছে।

আরও জানা গেছে, খ্রিস্টান রীতিতে বিয়ে হবে তাদের। বিয়ের জন্য সেপ্টেম্বর-অক্টোবর বা ডিসেম্বর-জানুয়ারির একটি সময় বিবেচনা করছেন তারা। তবে এখনো বিয়ের ভেন্যু নির্বাচন করা হয়নি, সেটি খোঁজ করছেন। হার্লিন শেঠি ও জেনেলিয়া দেশমুখসহ ইন্ডাস্ট্রির বন্ধু ও তাদের ঘনিষ্ঠরা এ পরিকল্পনার কথা জানেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম