Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রভাসকে বাড়িতে ঘোড়া রাখতে পরামর্শ দিয়েছিলেন রাজামৌলি, কেন?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম

প্রভাসকে বাড়িতে ঘোড়া রাখতে পরামর্শ দিয়েছিলেন রাজামৌলি, কেন?

ফাইল ছবি

Advertisement

ভারতীয় সিনেমার ইতিহাসে মাইলফলক হয়ে থাকা ‘বাহুবলী: দ্য বিগিনিং’ মুক্তির ১১ বছর পূর্ণ করেছে।  এ উপলক্ষে ছবির শুটিং-পূর্ব প্রস্তুতির একটি মজার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেতা প্রভাস। 

তিনি জানান, বাহুবলী চরিত্রে নিখুঁতভাবে নিজেকে গড়ে তুলতে পরিচালক এস এস রাজামৌলি তাকে বাড়িতে একটি ঘোড়া রাখার পরামর্শ দিয়েছিলেন।

‘বাহুবলী’ ও ‘মহেন্দ্র বাহুবলী’—দুই চরিত্রেই অভিনয় করা প্রভাস বলেন, শুটিংয়ের আগে নিয়মিত ঘোড়ায় চড়ার প্রশিক্ষণ নিতে হত। তবে মাঝে মাঝে তিনি সেই অনুশীলন এড়িয়ে যেতেন এবং আবহাওয়াকে অজুহাত হিসেবে দেখাতেন। তখন রাজামৌলি বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিদিন অনুশীলনের জন্য বাড়িতেই একটি ঘোড়া রাখার পরামর্শ দেন।

প্রভাস স্মৃতিচারণ করে বলেন, তিনি বলেছিলেন, বাড়িতে একটা ঘোড়া রাখো। আমি অবাক হয়ে বলেছিলাম, বাড়িতে ঘোড়া? আপনি কি সত্যিই সিরিয়াস? আমার অতিথিশালায় তখন কিছু হাঁস ছিল। তিনি বললেন, হাঁস নয়, ঘোড়াই আসল বিষয়। প্রতিদিন ঘোড়ায় চড়তে হবে। তখন আমি মজা করে বলেছিলাম, আপনার ছবির জন্য এখন আমাকে ঘোড়াও পালন করতে হবে!

প্রভাস জানান, রাজামৌলির আপসহীন দৃষ্টিভঙ্গির কারণেই তাকে শুধু ঘোড়ায় চড়াই নয়, তলোয়ার চালানো, পাহাড়ে চড়াসহ বিভিন্ন দক্ষতা আয়ত্ত করতে হয়েছিল। এসব কঠোর প্রস্তুতির ফলই পর্দায় বাস্তবসম্মতভাবে ফুটে উঠেছিল।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘বাহুবলী: দ্য টর্চবেয়ারার’ প্রামাণ্যচিত্রের একটি ভিডিও নতুন করে ‘বাহুবলী ৩’ নিয়ে জল্পনা বাড়িয়েছে। ভিডিওতে রানা দাগ্গুবাতি ইঙ্গিত দেন যে ‘বাহুবলী’-এর আরেকটি কিস্তি আসতে পারে। এরপর হাসিমুখে প্রভাস তিন আঙুল দেখালে উপস্থিত সবাই হেসে ওঠেন। ভিডিওর শেষেও লেখা ছিল, অ্যান্ড দ্যা লিগেসি কন্টিনিউ। 

২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ২০১৭ সালের ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস গড়ে। বিশেষ করে দ্বিতীয় কিস্তিটি বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৭৮৮ কোটি রুপি আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলোর একটি হয়ে ওঠে।

আগামীতে প্রভাসকে ‘ফৌজি’, ‘স্পিরিট’, ‘কাল্কি ২৮৯৮ এডি: পার্ট ২’ এবং ‘সালার: পার্ট ২’ সিনেমায় দেখা যাবে।

সুত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম