Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বানভাসি মানুষ আর অবোলা প্রাণীর প্রতি মানবিক আহ্বান স্পর্শিয়ার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৯ এএম

বানভাসি মানুষ আর অবোলা প্রাণীর প্রতি মানবিক আহ্বান স্পর্শিয়ার

Advertisement

বানভাসি মানুষ আর অবোলা প্রাণীদের প্রতি মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। দেশের চলমান বন্যা পরিস্থিতির অবসান ঘটলেও এখনো দীর্ঘমেয়াদি ক্ষত রয়েছে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে এখন মাথাচাড়া দিয়ে উঠছে নতুন এক নীরব সংকট। আর এই কঠিন সময়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্ট দিয়ে জানান দিয়েছেন অভিনেত্রী। সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্বশীল ও সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

বন্যাপরবর্তী স্বাস্থ্যঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন অর্চিতা স্পর্শিয়া। সেই পোস্টে অভিনেত্রী লিখেছেন— বন্যার পানি একসময় সরে যায়। কিন্তু যে ক্ষত রেখে যায়, সেটি শুকাতে অনেক সময় লাগে। পানি নেমে যাওয়ার পরই শুরু হয় আরেকটি নীরব সংকট। 

তিনি বলেন, দূষিত পানির কারণে ছড়িয়ে পড়ে ডায়রিয়া, জ্বর, চর্মরোগসহ নানা সংক্রমণ। তাই এখন থেকেই বিশুদ্ধ পানি পান করুন, খাবার ভালোভাবে সংরক্ষণ করুন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং আশপাশের মানুষকেও সচেতন করুন।

অভিনেত্রী বলেন, আমরা অনেক সময় ভুলে যাই। আমাদের গৃহপালিত প্রাণী আর পথের অবোলা প্রাণীগুলোরও বাঁচার অধিকার আছে। ওরাও ভয় পায়, ওরাও ক্ষুধার্ত হয়, ওরাও আশ্রয় খোঁজে। 

তিনি বলেন, যদি আপনার সামর্থ্য থাকে, একটি শুকনো জায়গা আর একবেলা খাবারের ব্যবস্থা করুন। আপনার ছোট্ট এই মানবিকতাই হয়তো একটি প্রাণ বাঁচিয়ে দিতে পারে।

অর্চিতা স্পর্শিয়া বলেন এই দুর্যোগে সবচেয়ে বড় প্রয়োজন শুধু অর্থ নয়, প্রয়োজন দায়িত্ববোধ, সচেতনতা আর একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা। কারণ একটি শক্তিশালী দেশ শুধু বড় বড় স্থাপনায় তৈরি হয় না; তৈরি হয় এমন মানুষ দিয়ে, যারা সংকটের সময় অন্যের হাত ধরে।

দুর্যোগের এই সময়ে সমাজে যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন, তাদের প্রতি বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, বিশেষ করে আমাদের সবচেয়ে অসহায় মানুষগুলোর দিকে একটু বেশি নজর দিন। ঘরের বৃদ্ধ সদস্য, গর্ভবতী মা, ছোট্ট শিশুরা এবং অসুস্থ মানুষ, তাদের জন্য এ দুর্যোগ অনেক বেশি কঠিন বলে জানান স্পর্শিয়া। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম