দীর্ঘদিনের তিক্ততা ভুলে কারিনার দ্বারস্থ বানসালি, নেপথ্যে যে কারণ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১০:৩৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
প্রায় আড়াই দশক পর মনোমালিন্য ভাঙছে বলিউডের বর্ষীয়ান পরিচালক-প্রযোজক-অভিনেতা সঞ্জয় লীলা বানসালি ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানের। বলিপাড়ায় জোর গুঞ্জন— অতীতের তিক্ততা ভুলে নতুন সিনেমার জন্য কারিনা কাপুরের দ্বারস্থ হয়েছেন পরিচালক। নিজের প্রযোজনায় একটি নতুন সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে তাকেই চাইছেন নির্মাতা।
এর আগে ২০০০ সালের শুরুর দিকে বানসালি যখন ‘দেবদাস’ সিনেমার জন্য অভিনেত্রী খুঁজছিলেন, ঠিক সেই সময় কারিনা কাপুর খানেরও লুক টেস্ট হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পার্বতীর চরিত্রে নেওয়া হয় সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে।
সেই সময়ে নানা প্রতিবেদনে দাবি করা হয়, এ ঘটনায় নিজেকে প্রতারিত মনে করেছিলেন কারিনা কাপুর। আর কোনো দিন বানসালির সঙ্গে কাজ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সেই থেকে আর কোনো সিনেমায় একসঙ্গে কাজ করতে দেখা যায়নি পরিচালক-অভিনেত্রী জুটিকে। তবে নতুন জল্পনা সত্যি হলে সেটাই হবে বলিউডের অন্যতম বড় প্রত্যাবর্তন।
পরে বানসালি ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ সিনেমাতেও নাকি কারিনা কাপুরকে নায়িকা হিসেবে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সিনেমাতেও তাদের একসঙ্গে কাজ করা হয়নি। পেশাগত ব্যস্ততার কারণেই নাকি কারিনা কাপুর সিনেমাটি ছেড়ে দেন। কারিনার এ সিদ্ধান্তে বানসালি বিস্মিত হয়েছিলেন বলে শোনা যায়।
সম্প্রতি ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, বানসালি যে সিনেমার কথা ভেবেছেন, সেখানে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেতা ধানুশকে। আর নায়িকার চরিত্রে কারিনা কাপুর খানকে নিতে আগ্রহী পরিচালক। যদিও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। তবে শোনা যাচ্ছে, সিনেমাটি নিয়ে আগ্রহ দেখিয়েছেন অভিনেত্রী।
বানসালির প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করবেন তামিল পরিচালক পিএস মিত্রন। এর আগে ‘ইরুম্বু থিরাই’, ‘হিরো’ ও ‘সর্দার’ সিনেমার পরিচালনা করেছেন তিনি। বর্তমানে চিত্রনাট্যের কাজ চলছে। নভেম্বরে প্রাক-প্রযোজনার কাজ শুরু হওয়ার কথা। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের জানুয়ারিতে সিনেমার শুটিং শুরু হতে পারে বলে জানা গেছে।
