Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কাঞ্চনের সঙ্গে গলা মেলালেন সুচন্দা-চম্পা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:০৮ পিএম

কাঞ্চনের সঙ্গে গলা মেলালেন সুচন্দা-চম্পা

Advertisement

দীর্ঘ ১৫ মাস লন্ডনে চিকিৎসা শেষে অল্প সময়ের জন্য দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার দেশে ফেরার খবর পেয়ে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা নিয়মিত তার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে গুলশানে কাঞ্চনের বাসায় হাজির হন ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী সুচন্দা ও চম্পা।

দুই বোনকে একসঙ্গে পেয়ে বেশ আনন্দিত হন ইলিয়াস কাঞ্চন। তাদের সঙ্গে দীর্ঘ সময় গল্প ও আড্ডায় মেতে ওঠেন তিনি। অসুস্থতার নানা চাপের মধ্যেও প্রিয় সহকর্মীদের সান্নিধ্যে কিছুটা সময় প্রাণবন্ত হয়ে ওঠেন ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত এই অভিনেতা।

কাঞ্চনের জন্য ফুল ও উপহার নিয়ে গিয়েছিলেন সুচন্দা ও চম্পা। সাক্ষাতের একপর্যায়ে চম্পা বলেন, ‘আমরা আপনাকে ভালোবাসি।’ জবাবে কাঞ্চনও তার ভালোবাসার কথা জানিয়ে বলেন, ‘আমিও ভালোবাসি সবাইকে। খুব ভালো লাগছে।’

আড্ডার সময় চলচ্চিত্রের পুরোনো দিনের নানা স্মৃতি ফিরে আসে। বিশেষ করে সুচন্দার প্রযোজনায় নির্মিত ‘তিনকন্যা’ সিনেমার প্রসঙ্গ উঠে আসে। ওই সিনেমায় ইলিয়াস কাঞ্চনও অভিনয় করেছিলেন। পুরোনো স্মৃতির সূত্র ধরে সুচন্দা ও চম্পা কাঞ্চনের কাছে গান শোনানোর আবদার করেন।

তাদের অনুরোধে প্রথমেই ‘অচেনা’ সিনেমার জনপ্রিয় গান ‘আর যাব না আমেরিকা’ ধরেন কাঞ্চন। গানটিতে তার সঙ্গে কণ্ঠ মেলান সুচন্দা ও চম্পা। তিন তারকার একসঙ্গে গান গাওয়ার এই বিশেষ মুহূর্তটি উপস্থিত সবার জন্য হয়ে ওঠে স্মরণীয়। পরে কাঞ্চন আরও কয়েকটি গানের অংশ গেয়ে শোনান।

এ সময় কাঞ্চনের বাসায় আরও উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী সুব্রত, জ্যাকি আলমগীর এবং প্রযোজক নেতা খোরশেদ আলম। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে সেখানে যান জয় চৌধুরী ও আবীর চৌধুরী।

উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত ১৫ মাস ধরে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসায় এখনও প্রত্যাশিত উন্নতি না হওয়ায় নির্ধারিত চিকিৎসা চালিয়ে যেতে কয়েকদিনের মধ্যেই আবার লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম