সুকেশকাণ্ড নিয়ে নীরবতা ভাঙলেন নোরা ফাতেহি
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৪:১৬ পিএম
সম্প্রতি ‘ড্রিম উইথ ডক্টর শিন’ পডকাস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন নোরা।
|
ফলো করুন |
|
|---|---|
প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়ানোর পর দীর্ঘদিন ধরেই বিতর্কের মধ্যে ছিলেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ২০০ কোটি রুপির আর্থিক প্রতারণার মামলায় তার নাম উঠে আসার পর ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়েন তিনি। এবার সেই সময়ের অভিজ্ঞতা, ভয় এবং সুকেশের কাছ থেকে পাওয়া উপহার নিয়ে মুখ খুলেছেন নোরা।
সম্প্রতি ‘ড্রিম উইথ ডক্টর শিন’ পডকাস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন নোরা। তিনি জানান, ওই বিতর্ক তার মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলেছিল এবং এর প্রভাব এখনো তার পেশাগত জীবনেও রয়েছে।
নোরা বলেন, আমি এতটাই মানসিকভাবে আঘাত পেয়েছিলাম যে আজও আমার এজেন্সি কোনো অনুষ্ঠানের ডাক পেলে শুধু টাকা উপার্জনের জন্য সেখানে যাই। কিন্তু এরপর কী হতে পারে, সেটা ভেবে ভয় লাগে। আমাকে নিয়ে অনেক নেতিবাচক কথা বলা হয়েছিল।
তিনি আরও বলেন, আমার মা আমাকে চেনেন এবং তিনি জানেন, কীভাবে আমাকে বড় করেছেন। আমার বন্ধুরাও আমাকে চেনে। তবু ভয় হতো, তারা অন্যদের বলা কথা বিশ্বাস করে ফেলবেন না তো? সময়টা খুবই সংবেদনশীল ছিল।
এই ঘটনার কারণে বেশ কিছু ব্র্যান্ডের কাজ হারিয়েছিলেন বলেও জানান নোরা। তিনি বলেন, আমি অনেক ব্র্যান্ড হারিয়েছি। শুধু ওই একজন মানুষের কারণে। আজও মানুষ আমাকে দেখলে জিজ্ঞেস করে, তুমি কি ওই লোকটাকে চেনো? তুমি কি তার সঙ্গে প্রেম করতে?
গাড়ি ও অন্যান্য উপহারের কথা জানালেন নোরা
সুকেশের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল—এমন ধারণা তৈরি হওয়ায় তিনি হতাশ হয়েছিলেন বলে জানান নোরা। তার দাবি, সুকেশের পরিবারের সদস্যদের সঙ্গে একটি অনুষ্ঠানে দেখা হয়েছিল এবং সেখানেই তাকে গাড়িসহ কিছু উপহার দেওয়া হয়েছিল।
নোরা বলেন, হ্যা, আমি সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে তার পরিবার ও স্ত্রীসহ কয়েকজনের সঙ্গে আমার দেখা হয়েছিল। তারা আমাকে একটি গাড়ি এবং অন্যান্য জিনিস উপহার দিয়েছিল। কিন্তু সেটি স্বাভাবিক বিষয় ছিল।
‘কেউ আমাকে সাহায্য করেনি’
এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) সঙ্গে তার অভিজ্ঞতাকেও ভয়াবহ বলে বর্ণনা করেন নোরা। তিনি বলেন, ওই দুই বছর আমি যা সহ্য করেছি, তা ছিল ভয়াবহ। নিজের জন্য খারাপ লাগে। আফসোস হয়, যদি এমন কেউ থাকত, যে আমাকে সাহায্য করতে পারত। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কেউ আমাকে সাহায্য করেনি।
নোরা আরও বলেন, একই সময়ে আরও অনেক শিল্পী ও অভিনেতা সমস্যার মধ্যে পড়েছিলেন এবং তারা দ্রুত পরিস্থিতি সামলে উঠেছিলেন। তবে তার ক্ষেত্রে সবচেয়ে বেশি কষ্টের বিষয় ছিল, তাকে নিয়ে এমন একটি গল্প তৈরি করা হয়েছিল যে তিনি সুকেশের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তার কাছ থেকে অর্থ নিয়েছেন।
সবশেষে নোরা বলেন, সময়টা মারাত্মক কঠিন ছিল। আমার খুব একা লাগত। আমি বিভ্রান্ত ছিলাম। আমার জন্য সময়টা ছিল খুব অদ্ভুত। অনেক কিছুর মধ্য দিয়ে যাচ্ছিলাম এবং মনে হচ্ছিল, মানুষ আমার সঙ্গে অনেক অন্যায় করছে।
তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

-6a8ea39e00d0d.jpg)