পশ্চিমবঙ্গে শুটিংয়ে এলে ভর্তুকির প্রস্তাব মিঠুনের, যা বললেন শুভেন্দু
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠান থেকে বাংলা সিনেমার সোনালি দিন ফেরানোর ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, উত্তমকুমারের সময়ে যেমন বাংলা ছবি সারা দেশে রাজত্ব করত, আবারও সেই দিন ফিরে আসুক। এর জন্য টালিউড যা চাইবে, তা তারা দেবেন বলেও আশ্বাস দেন শুভেন্দু। প্রয়োজনে আইন সংশোধন করতেও রাজি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নন্দনে উত্তম স্মরণে দিনভর নানা অনুষ্ঠানে এমন কথাই বলেন এ বাংলার মুখ্যমন্ত্রী। তবে এ দিন তিনি নিজে কোনো কর্মসূচি সূচনা না করে চলচ্চিত্র তারকাদের এগিয়ে দেন।
সকালেই সামাজিক মাধ্যমে উত্তমকুমারের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পোস্টে লিখেছেন— 'ইনস্টাগ্রাম-যুগের আগে একজন অভিনেতা মানুষের হৃদয়ে রাজত্ব করতেন। আজ তার ১০০তম জন্মশতবার্ষিকী। মহানায়ককে আমার শ্রদ্ধা।’
বেঁচে থাকলে বৃহস্পতিবারই ১০০ বছর পূর্ণ করতেন উত্তমকুমার। তবে না থেকেও তিনি যে আজও বাঙালির অন্যতম সেরা আইকন, এ দিনের উন্মাদনা তা আরও একবার প্রমাণ করল। এ দিন সকালের অনুষ্ঠানে মাল্যদান করার জন্য মুখ্যমন্ত্রীকে আগে ডাকা হলেও, তিনি এগিয়ে দেন প্রবীণ চলচ্চিত্র ব্যক্তিত্ব তথা উত্তমের সহশিল্পী রঞ্জিত মল্লিককে।
সন্ধ্যায় একাধিক অনুষ্ঠান হয়। রবীন্দ্রসদন চত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে মিউজিয়ামের পাশ দিয়ে নন্দনে এসে শেষ হয়। এই পদযাত্রায় তারকাদের হাট বসে যায়। নন্দনে উত্তমবিষয়ক একটি প্রদর্শনীর সূচনা হয়। সেখানেও আনুষ্ঠানিক সূচনার জন্য শুভেন্দুকে ডাকা হলে, তিনি ফিতে কাটার জন্য অভিনেতা জিৎকে এগিয়ে দেন। পরে মঞ্চে শুভেন্দু অধিকারী বলেন, উত্তমের জন্মশতবর্ষে বাংলার মানুষ তার উপরে মুখ্যমন্ত্রিত্বের ভার তুলে দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞ। ক্ষমতায় আসার পরই মহানায়কের পরিবারের সঙ্গে কথা বলে অনুষ্ঠানের পরিকল্পনা করেন তিনি।
শুভেন্দু অধিকারী বলেন, ‘বর্তমানে শুনি— দক্ষিণ ভারতের ছবি রাজত্ব করছে। তার উপরে রয়েছে বলিউডের ছবি। তবে একটা সময়ে মহানায়কের যুগে টালিউডই দেশে রাজত্ব করত। আমি চাই, সেই দিন ফিরে আসুক। বলিউডের ছবির উপরে রাজত্ব করবে টালিউড।
তিনি বলেন, আপনারা আলোচনা করে আমাকে বলুন— তার জন্য কী চাই, আমি তাই দেব। আমরা দুহাত দিয়ে আপনাদের সঙ্গে থাকব। আমাকে বাজেট দিন, আমি অর্থ অনুমোদন করে দেব। পরিকল্পনা বলুন, ছাড়পত্র দিয়ে দেব। প্রয়োজনে আইন বদলে দেব, যা লাগবে বলুন, ব্যবস্থা করে দেব।
অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেন, আমি চাই এখানে যারা শুটিং করতে আসবেন, তাদের ৩০ শতাংশ ভর্তুকি দেওয়া হোক। আমি সবার সঙ্গে কথা বলে শুভেন্দুদার কাছে পরিকল্পনা নিয়ে যাব। তিনি অনুমোদন দিলেই হবে। তবে ভর্তুকি আমরা নগদে দেব না, কর বা অন্য কিছুর সঙ্গে অ্যাডজাস্ট করে দেব।
