Logo
Logo
×
   

বিনোদন

‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী

টালিউডের খলনায়িকা হিসেবে পরিচিত মানসী সেনগুপ্ত। ব্যক্তিগতজীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বরাবরই চর্চায় থাকেন তিনি। ডিভোর্স, সন্তান, নতুন চারতলা বাড়ি নিয়ে চর্চার অন্ত নেই। এরই মাঝে রাজনীতিতে পদার্পণ করলেন খলনায়িকা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় জনতা মজদুর সেলের (বিজেএমসি) দক্ষিণ ২৪ পরগনার ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দিলেন মানসী সেনগুপ্ত। আর জীবনের নতুন এই চ্যাপ্টারে পা রেখে জানালেন— পুরোনো সরকারের নিন্দা করে নয়; বরং নিজের কাজ দিয়ে পরিচিতি পেতে চান তিনি।

বিজেএমসিতে যোগদানের পর গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, আমি রুলিং পার্টির সঙ্গে সেভাবে কখনোই যুক্ত ছিলাম না। কোনো মিটিং-মিছিলেও যাইনি। কারণ আমার মতাদর্শ আলাদা ছিল। তবে আমরা তো অভিনেতা-অভিনেত্রী কিছু শোতে যেতে হয়েছে। কিছু শোতে টাকাও পেয়েছি। 

তিনি বলেন, সরকার কী করে গেছে, কার কী ভুল ছিল— আমি এসব বিতর্কে যাব না। কার কী খারাপ, কার কী ভুল, কে কী করতে পারে— এই যে বাকবিতণ্ডা, এই যে কাদা ছোড়াছুড়ি আমি এতে বিশ্বাস করি না। 

অভিনেত্রী বলেন, কারণ মানুষের কীসে ভালো হবে সেটির দিকে লক্ষ রাখতে চাই। আমি সমালোচনার কারণে চর্চায় থাকতে চাই না। আমি আমার কাজ নিয়ে চর্চায় থাকতে চাই।

বিজেএমসিকেও ধন্যবাদ জানিয়ে মানসী বলেন, ওরা আমায় নির্বাচিত করেছেন। আমি তার জন্য খুবই গ্রেটফুল। আমার মাথা নত থাকবে তাদের কাছে সারাজীবন। তারা যা যা ভাবে, যেভাব বলবেন, আমার আগামীর পথচলাটা সেভাবেই হবে।

এদিকে মানসী সেনগুপ্ত বিজেএমসিতে যোগ দিতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের একাংশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এক নেটিজেন লিখেছেন— ‘আশা করি রাজনীতিতেও তুমি দাপিয়ে বেড়াবে’। আরেক নেটিজেন লিখেছেন— ‘সে কি! মানসীও এবার গেরুয়া দলে।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘জলদি বুঝে গেছে কোন দিকে গেলে সুবিধা পাবে’।

প্রসঙ্গত ভারতীয় জনতা মজদুর সেল আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টির  সরাসরি কোনো সাংগঠনিক শাখা বা অনুমোদিত অঙ্গসংগঠন নয়। তবে এটি বিজেপি সমর্থিত একটি সংগঠন হিসেবে নিজেদের দাবি করে। বিজেপির মূল ও স্বীকৃত শ্রমিক শাখা হলো ‘ভারতীয় মজদুর সংঘ’।

উল্লেখ্য, মানসী সেনগুপ্ত মাসখানেক আগেই নিজের ডিভোর্সের খবর জানান। স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর দুই সন্তানকে নিজের কাছে রেখেই মানুষ করছেন তিনি। এর আগেও মানসীর দাম্পত্য জীবনে সমস্যার খবর সামনে এসেছিল। তবে সেই সময় প্রথম সন্তান অর্থাৎ মেয়ের জন্য দুজনে সব ঠিক করে নেন। এরপর এক পুত্রসন্তানের মাও হন তিনি। এমনকি স্বামীর সঙ্গে ছবি না দেওয়ায় সেই সময় তার ছেলের পিতৃ-পরিচয় নিয়েও ট্রল করেছিল নেটিজেনদের একাংশ। তবে এসব নেতিবাচকতায় কখনোই পাত্তা দেননি মানসী সেনগুপ্ত। প্রয়োজনে কড়া জবাব দিয়ে ট্রলের মুখও বন্ধ করেছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম