Logo
Logo
×
   

বিনোদন

তিন বছরের সন্তান ও গর্ভবতী স্ত্রীসহ সংগীতশিল্পীকে হত্যা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পিএম

তিন বছরের সন্তান ও গর্ভবতী স্ত্রীসহ সংগীতশিল্পীকে হত্যা

মেক্সিকোর জনপ্রিয় ব্যান্ড তারকা জোনাথন মেলেনদেজ। ছবি: সংগৃহীত

মেক্সিকোর একটি অভিজাত এলাকার অ্যাপার্টমেন্ট থেকে জনপ্রিয় ব্যান্ড তারকা জোনাথন মেলেনদেজ, তার গর্ভবতী স্ত্রী, ৩ বছরের কন্যাসন্তান, গৃহকর্মী এবং তাদের পোষ্য কুকুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) গভীর রাতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর সিএনএনের। 

স্টেট অব মেক্সিকো অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, নিহত জোনাথন মেলেনদেজের বয়স ছিল ৩৮ বছর। তার স্ত্রী আনা পাওলার বয়স ছিল ৩৫ বছর এবং তিনি চার মাসের গর্ভবতী ছিলেন। 

এ ছাড়া নিহত অপর তরুণী হলেন ২১ বছর বয়সি আলেইদা রোমেরো ভিক্তোরিও, যিনি ওই দম্পতির গৃহকর্মী হিসেবে কাজ করতেন। 

তদন্তে জানা গেছে, নিহতদের মধ্যে শিশুসহ তিনজনের মাথায় এবং একজনের পিঠে গুলি করা হয়েছিল। প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দুজনের হাত বাঁধা ছিল এবং পোষ্য কুকুরটির পা বাঁধা অবস্থায় মৃত পাওয়া যায়। তবে ঘটনাস্থল থেকে ৬ বছর বয়সি একটি ছেলেকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়েছে। 

কর্তৃপক্ষের ধারণা, গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। 

এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করে জোনাথন মেলেনদেজের ব্যান্ড ‘কাসেম সেপ্টিমো’ ইনস্টাগ্রামে জানিয়েছে, জোনাথন মেলেনদেজকে তারা অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন। উল্লেখ্য, তিনি এই ব্যান্ডের কীবোর্ডবাদক ছিলেন। 

ঘটনার তদন্তে নেমে গত বুধবার (০২ সেপ্টেম্বর) যৌথ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়েছে। প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, মেলেনদেজের পরিচিত ডিয়েগো সেবাস্তিয়ান ‘এন’ নামের এক ব্যক্তিকে এই হত্যাকাণ্ডের সম্ভাব্য মূল হোতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া জেরার্দো ‘এন’ নামের অপর এক ব্যক্তিও এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তদন্তের মুখে রয়েছেন। 

মেক্সিকোর নিরাপত্তা ও নাগরিক সুরক্ষা সচিব ওমর গার্সিয়া হারফুচ জানিয়েছেন, সন্দেহভাজনদের একজন ভুক্তভোগীদের সঙ্গে তার পূর্বপরিচিতির সুযোগ নিয়ে বাড়িতে প্রবেশ করেছিল। আইনি প্রক্রিয়া শেষে এই হত্যাকাণ্ডের বিস্তারিত পরিস্থিতি ও আটক ব্যক্তিদের আইনি অবস্থা প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রসিকিউটর কার্যালয়। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম