ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বিনোদন জগতের ছোটপর্দার পরিচিত মুখ স্মৃতি ইরানি অভিনয় থেকে দূরে সরে রাজনীতিতে কাটিয়েছেন দীর্ঘ সময়। রাজনীতির মঞ্চ থেকে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর বদলে গেছে এ অভিনেত্রীর জীবনের সমীকরণ। এখন তাকে আবার দেখা যাচ্ছে ছোটপর্দায়। অভিনেত্রী-রাজনীতিক জানিয়েছেন, তিনি নিজেই কাজ চেয়েছিলেন অনেকের কাছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন স্মৃতি ইরানি।
তিনি বলেন, আবার বিনোদন জগতে পা রাখার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি নিজেই যোগাযোগ করেছিলেন উদয় শঙ্করের সঙ্গে। বর্তমানে ‘জিয়োহটস্টার’ এবং ‘স্টার’-এর ভাইস চেয়ারম্যান উদয় তখনো টেলিভিশন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। স্মৃতির সঙ্গে তার পুরোনো সম্পর্কও ছিল ‘কিউকি সাস ভী কভী বহু থী’ ধারাবাহিকের সূত্রে। ফোন করে সরাসরি জানিয়েছিলেন— তিনি কর্মহীন। বিনোদনজগতে কোনো কাজের সুযোগ পাওয়া যায় কিনা জানতে চেয়েছিলেন এ সাবেক বিজেপি সংসদ সদস্য।
স্মৃতির ফোনে খানিকটা অবাকই হয়েছিলেন বলে জানান উদয় শঙ্কর। কারণ সেই সময় তিনি বিদেশে ছিলেন। একসময়ের কেন্দ্রীয় মন্ত্রী নিজে ফোন করে কাজ চাইছেন— বিষয়টি তার কাছে স্বাভাবিকভাবেই বিস্ময়ের ছিল! তিনি স্মৃতির সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত হতে চেয়েছিলেন।
তবে অভিনেত্রীর কাছে এতে অস্বস্তির কিছু ছিল না। যে পেশায় একসময় কাজ করেছেন, প্রয়োজনের সময়ে সেখানেই ফিরে যাওয়া লজ্জার নয়। বরং নিজের পুরোনো পেশায় নতুন করে কাজ শুরু করার সিদ্ধান্ত তাকে প্রত্যাশার চেয়েও বেশি স্বাধীনতা দিয়েছে।
দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে থাকার পর আবার ‘কিঁউকি সাস ভী কভী বহু থী ২’-এর সেটে পা রেখেছেন স্মৃতি ইরানি। রাজনীতির দীর্ঘ অধ্যায়ের পর অভিনয়ের পরিচিত জগতে তার এই প্রত্যাবর্তন তাই নিছক পর্দায় ফেরা নয়, জীবনের নতুন অধ্যায়েরও সূচনা।

