Logo
Logo
×
   

বিনোদন

মেয়ের বাবা হলেন তানজীব সারোয়ার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

মেয়ের বাবা হলেন তানজীব সারোয়ার

কন্যাসন্তানের বাবা হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী তানজীব সারোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে সুখবরটি জানিয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দেওয়া এক পোস্টে তানজীব লেখেন, ‘আলহামদুলিল্লাহ। কন্যা সন্তানের বাবা হলাম।’

সন্তানকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করে এই সংগীতশিল্পী আরও লেখেন, ‘সন্তান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও বরকত। আমাদের ঘরে রহমতের ফেরেশতা ও আলো হয়ে এসেছে আমাদের ছোট্ট রাজকন্যা।’

পাশাপাশি নিজের মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তানজীব সরোয়ার। তিনি লেখেন, ‘সবাই তার জন্য দোয়া করবেন।’

তানজীব সারোয়ারের কন্যাসন্তানের বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে শুভেচ্ছা জানান ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

২০২৫ সালের অক্টোবরে সাবা সানজিদা রহমানকে বিয়ে করেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। সানজিদা রহমান পড়াশোনা শেষ করে সেনাবাহিনীতে কর্মরত।

২০১১ সালে তানজীব সারোয়ারের প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’ প্রকাশ পায়। ২০১৪ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ।’

২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশ পায় তার তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী।’অ্যালবামটির সব গানের গীত-সুর করেছেন তানজীব সারোয়ার নিজে। গানগুলোর সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার, তানজীব সারোয়ার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম