‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
নীনা গুপ্তা। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নিজের মতামত প্রকাশের ক্ষেত্রে বরাবরই স্পষ্টবাদী নীনা গুপ্তা। ব্যক্তিগত জীবন নিয়ে কেউ অযাচিত প্রশ্ন করলে তা নিয়েও মুখ খুলতে পিছপা হন না অভিনেত্রী। বিয়ে, ওজন এবং শরীর নিয়ে নানা ব্যক্তিগত প্রশ্নের মুখে কিভাবে পরিস্থিতি সামলান, তা জানতে চাওয়া হয়েছিল। স্পষ্ট জবাব দেন বর্ষীয়ান অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে নীনাকে জিজ্ঞাসা করা হয়, কেউ যদি তাকে প্রশ্ন করেন, ‘কবে বিয়ে করছেন?’, তা হলে তিনি কিভাবে জবাব দেন। বিয়ে নিয়ে প্রশ্ন করলেই নীনা স্পষ্ট বলেন, ‘তোমার বাবার টাকায় খাই না। তোমার কী সমস্যা? তুমি বিয়ে করেছ?’
ব্যক্তিগত জীবন নিয়ে এমন প্রশ্নের কোনো প্রয়োজন নেই বলেই মনে করেন নীনা। শুধু বিয়ে নয়, নিজের ওজন নিয়েও নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে নীনাকে। এমনকি তাকে দেখে কেউ কেউ অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনাও করেছিলেন। একটি পোশাকের কারণে কিভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই অভিজ্ঞতাও ভাগ করে নেন অভিনেত্রী।
নীনা জানান, সে দিন তিনি শাড়ি পরেছিলেন। কোমরের কাছে শাড়িটি ঠিক করতে গিয়ে জায়গাটি একটু ভারি দেখাচ্ছিল। তার পরেই শুরু হয় নানা মন্তব্য। নীনার কথায়, ‘আমার বয়স ৬০, তা হলে কি আমি অন্তঃসত্ত্বা?’
এমন জল্পনায় বিরক্ত হয়ে গিয়েছিলেন নীনা। পরিস্থিতি সামলাতে নিজের সহযোগী দলকে তিনি বলে দিয়েছিলেন, সবাইকে জানিয়ে দিতে যে তিনি সত্যিই অন্তঃসত্ত্বা। তার মতে, তাতে অন্তত মানুষজন তাকে বিরক্ত করা বন্ধ করবেন। শরীর নিয়ে কটাক্ষের মুখে পড়া অন্যদেরও নীনার পরামর্শ, কেউ যদি তাদের ওজন বা চেহারা নিয়ে প্রশ্ন করেন, তা হলে মজা করে বলে দেওয়া যেতে পারে যে তার অন্তঃসত্ত্বা। অনুরাগীদের মন্তব্য, নীনার এই মন্তব্যের মধ্যে যেমন রসিকতা রয়েছে, তেমনই রয়েছে শরীর নিয়ে অন্যের অযাচিত মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদও।
