Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গানের সাগরে এক বিন্দু জল সালাউদ্দিন

Advertisement

Icon

শামীম হোসেন

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ এএম

গানের সাগরে এক বিন্দু জল সালাউদ্দিন

Advertisement

প্রচারের আলো থেকে দূরে থাকতে ভালোবাসেন। সংবাদের শিরোনাম হওয়ার চেয়ে শব্দের বুনন তার কাছে বেশি অর্থবহ। গণমাধ্যমের লাইমলাইট কিংবা প্রচারের মোহ তাকে টানে না। বলা হচ্ছে বর্তমানে বাংলাদেশের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় গীতিকার সালাউদ্দিন সাগরের কথা। যিনি যদি মনটা চুরি করি, কালাচান, দুই চাক্কার সাইকেল, শিকারিসহ অসংখ্য সুপারহিট গানের রচয়িতা।

দেশের শীর্ষস্থানীয় শিল্পীদের কণ্ঠে প্রতিনিয়ত প্রতিধ্বনি হচ্ছে তার লেখা গান। অথচ, নিজেকে নিভৃতচারী এক শব্দসৈনিক হিসাবেই ভাবতে ভালো লাগে তার। সালাউদ্দিন মনে করেন, বাংলা গানের সাগরে তিনি যেন এক বিন্দু জল।

সালাউদ্দিন ১৯৮৭ সালের ১১ জুলাই কুমিল্লার মুরাদ নগরে জন্মগ্রহণ করেন। তিন ভাইয়ের মধ্যে তিনি বড়।

গানের ভূবনে কিভাবে এলেন? যুগান্তরকে সালাউদ্দিন বলেন, ‘আমার লেখালেখির অভ্যাস ছোট থেকেই। যতদূর মনে পড়ে, ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন ছড়া, কবিতা লেখা শুরু করি। সহপাঠী ও শিক্ষকমহলে আমি কবি হিসেবেই পরিচিত ছিলাম। একটা সময় ছিল আমি গান লিখতাম। আর আমার বন্ধু বেলাল হোসেন সেই গান গাইত। দীর্ঘ বিরতির পর ২০১৮ সালে আমার লেখা গান আলোর মুখ দেখে। ২০১৯ সাল থেকে গীতিকার হিসাবে মিউজিক ইন্ডাস্ট্রিতে পরিচিত পেয়ে যাই। আট বছরের ক্যারিয়ারে সবমিলিয়ে প্রায় চারশ গান লিখে ফেলেছি।’

সালাউদ্দিন বন্দরনগরী চট্টগ্রামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। চাকরিজীবনের কঠিন নিয়মের বেড়াজাল পেরিয়ে তিনি নিজের সৃজনশীল সত্তা বাঁচিয়ে রেখেছেন। অবসর পেলেই তিনি খাতা-কলম নিয়ে বসে পড়েন। তৈরি হয় আধুনিক, ফোক কিংবা মেলোডি ঘরানার দারু সব গান।

পরিবার, চাকরি ও গান একসঙ্গে মানিয়ে নেওয়া মোটেও সহজ নয়। সালাউদ্দিন বলেন, ‘এমন হয়েছে, গান লিখতে গিয়ে রাত পার হয়ে গেছে। এই গান লেখার নেশায় পড়ে অনেক সময় পরিবারকে সময় দিতে পারি না। এ নিয়ে স্ত্রীর সঙ্গে টুকটাক মনোমালিন্যও হয়। পরে কোনো গান সুপার হিট হলে অবশ্য সেও অভিমান ভুলে খুশি হয়।’

বর্তমানে দেশের সঙ্গীতাঙ্গনে অন্যতম চাহিদাসম্পন্ন গীতিকার হওয়া সত্ত্বেও মিডিয়ার লাইমলাইট থেকে নিজেকে বরাবরই দূরে রেখেছেন সালাউদ্দিন। তিনি মনে করেন, বাংলা গানের ভুবনে তার অবদান অতিসামান্য। তার কথায়, ‘আমি মিডিয়ায় প্রচারে আসার চেয়ে নীরবে কাজ করে যেতে বেশি স্বাছন্দ্যবোধ করি। আমি চাই, সৃষ্টি আর কাজের মাধ্যমে মানুষ আমাকে চিনুক। আজীবন মনে রাখুক। কাজ ভালো হলে মানুষ এমনিতেই মনে রাখবে। আমি মনে করি, বাংলা গানের সাগরে আমি এক বিন্দু জল মাত্র।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম