Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ এএম

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেট এলাকার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। তার বাবা-মায়ের ওই বাড়ি থেকে প্রায় ৫ লাখ রুপি মূল্যের গয়না খোয়া গেছে বলে জানা গেছে।

ইন্ডিয়ান অ্যারাবিয়ান নিউজ সার্ভিস (আইএএনএস) জানিয়েছে, এ ঘটনায় মুম্বাই পুলিশ এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে। গ্রেফতার ওই নারীর নাম সীমা ঘাটে (৪০)। তিনি পালঘরের বাসিন্দা বলে জানা গেছে।

প্রায় দেড় বছর ধরে আমিশার মা আশা প্যাটেলের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন সীমা। চুরির অভিযোগ পাওয়ার পর মেরিন ড্রাইভ থানার পুলিশ তদন্ত শুরু করে। পরে বিরার থেকে তাকে শনাক্ত করে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারিতে ওই বাড়ি থেকে একটি চুড়ি চুরি হয়েছে বলে অভিযোগ করা হয়। আশা প্যাটেলের সন্দেহ ছিল, এই চুরির সঙ্গে সীমা জড়িত। এরপর প্রায় পাঁচ থেকে ছয় মাস ধরে তিনি সীমাকে চুরির কথা স্বীকার করে গয়না ফেরত দিতে বলে আসছিলেন বলে জানা গেছে। তবে চুড়িটি ফেরত দেওয়া হয়নি। এরপর আশা প্যাটেল মেরিন ড্রাইভ থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

প্রাথমিকভাবে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৩০৬ ধারায় অজ্ঞাত এক নারীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। পরে ক্রাইম ডিটেকশন টিম তদন্তে নেমে বিরার থেকে অভিযুক্তকে শনাক্ত করে। পুলিশ সীমাকে গ্রেফতার করে আদালতে হাজির করলে আদালত তাকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।

চুরির অভিযোগের তদন্ত এখনও চলছে। খোয়া যাওয়া গয়না উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। তবে চুরি যাওয়া চুড়িটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এ ছাড়া তদন্তের অংশ হিসেবে সীমার বিরুদ্ধে আগে কোনো অপরাধের মামলা বা অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

আমিশার ক্যারিয়ার

২০০০ সালে ‘কাহো না... পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আমিশা প্যাটেলের। সিনেমাটি সে সময় ব্যাপক ব্যবসায়িক সাফল্য পায়। এরপর ‘গদর: এক প্রেম কথা’, ‘হামরাজ’, ‘হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড’, ‘ভুল ভুলাইয়া’ ও ‘রেস ২’-এর মতো সফল সিনেমায় অভিনয় করেন তিনি।

২০২৩ সালে ‘গদর ২’-এ নিজের জনপ্রিয় চরিত্রে ফিরে এসে আবারও আলোচনায় আসেন আমিশা। সিনেমাটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ আয় করা সিনেমা হয়ে ওঠে। অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে আকাশাদিত্য লামা পরিচালিত ‘তওবা তেরা জালওয়া’ সিনেমায়। ২০২৪ সালে মুক্তি পায় সিনেমাটি।

সূত্র: এনডিটিভি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম