বিশেষ ছবি দিয়ে সুখবর দিলেন মাহিরা খান
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ‘হমসফর’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে ঘরে ঘরে পরিচিতি পান। পরে ২০১৭ সালে বলি বাদশাহ শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেন মাহিরা খান। মুক্তিপ্রাপ্ত ‘রইস’ সিনেমায় বাদশাহর বিপরীতে অভিনয় করেন তিনি।
হিন্দি 'রইস' সিনেমার মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ মাহিরা খান। সেই থেকে ভারতীয় দর্শকদের কাছে পরিচিত মুখ অভিনেত্রী। তবে পাকিস্তানে একাধিক কাজও করেছেন তিনি। ‘সদকে তুমহারে’, ‘বিন রোয়ে’, ‘সুপারস্টার’-এর মতো একাধিক জনপ্রিয় কাজ রয়েছে তার ঝুলিতে। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও পাকিস্তানের প্রতিনিধিত্ব করছেন তিনি। এবার সুখবর দিলেন অভিনেত্রী। দ্বিতীয়বার মা হতে চলেছেন মাহিরা খান। সম্প্রতি দ্বিতীয় সন্তান আগমনের খবর দিলেন এ অভিনেত্রী।
সামাজিক মাধ্যমে অত্যন্ত সহজ ও ব্যক্তিগত ভঙ্গিতে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন ৪১ বছর বয়সি মাহিরা খান। সাদা রঙের ঢিলেঢালা গাউন পরে স্ফীতোদরের ছবি শেয়ার করে নিয়েছেন তিনি।
ছবি পোস্ট করে ক্যাপশনে মাহিরা খান লিখেছেন— 'আমরা আমাদের মতো পরিকল্পনা করি ঠিকই, কিন্তু সব কিছুর উপরে থাকে আল্লাহর পরিকল্পনা।' অভিনেত্রীর এ পোস্ট সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনসহ তার ভক্ত-অনুরাগী ও শুভানুধ্যায়ীরা।
অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর সময় বেশ সাধারণ সাজেই দেখা গেছে মাহিরা খানকে। ফুলহাতা সাদা গাউনে এক হাত পেটের উপর রেখে শান্ত ও হাসিমুখে পোজ দিয়েছেন অভিনেত্রী। ছবিতে অতিরিক্ত সাজসজ্জা বা কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল না। বরং সেই সরলতাই মুহূর্তটিকে আরও ব্যক্তিগত করে তুলেছে।
বর্তমানে টরন্টোর চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানেই রয়েছেন পাকিস্তানি মাহিরা খান। সেখানকার একটি অনুষ্ঠানের অংশ হিসেবে এক আলোচনাসভার সঞ্চালনা করেছেন তিনি। এর পাশাপাশি সিনেমায় অবদানের জন্য সম্মানিতও হয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেন মাহিরা খানি। এ দম্পতির এটি প্রথম সন্তান হতে চলেছে। তবে মাহিরার দ্বিতীয় সন্তান এটি। প্রথম স্বামী আলি আসকারির সঙ্গে তার ১৭ বছরের ছেলে আজলান রয়েছে। মাহিরার বিয়ের দিনও মায়ের পাশে ছিল আজলান। মায়ের হাত ধরে বিয়ের জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার মুহূর্ত ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।
