Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

না ফেরার দেশে গায়ক-অভিনেতা মুকুল জামিল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম

না ফেরার দেশে গায়ক-অভিনেতা মুকুল জামিল

Advertisement

ঢাকাই শোবিজ অঙ্গনের পরিচিত মুখ গায়ক ও অভিনেতা মুকুল জামিল আর নেই। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে আকস্মিকভাবে তিনি মারা যান। তার মৃত্যুতে সহকর্মী ও সংস্কৃতি অঙ্গনের মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

মুকুল জামিলের মৃত্যুর খবর জানিয়ে শোক প্রকাশ করেছে নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, তাদের সম্মানিত সদস্য মুকুল জামিলের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত এবং তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।

তার মৃত্যুতে শোবিজের আরও অনেক শিল্পী ও কলাকুশলী সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। গায়ক ও সুরকার মোহাম্মদ মিলন এক আবেগঘন পোস্টে মুকুল জামিলকে স্মরণ করে জানান, তার এভাবে হঠাৎ চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক। দেখা হলেই মুকুল তাকে বুকে জড়িয়ে ধরতেন এবং স্নেহের সঙ্গে কপালে চুমু দিতেন বলেও উল্লেখ করেন তিনি।

মোহাম্মদ মিলন আরও জানান, মুকুল জামিল মূলত একজন সংগীতশিল্পী হলেও তার ‘সেলফি’ গানে প্রথমবার মজার ছলে তাকে মডেল হিসেবে নেওয়া হয়েছিল। এরপর মিলনের আরও বেশ কয়েকটি গানে অভিনয় করেছেন মুকুল।

শৈশব থেকেই রবীন্দ্রসংগীতের প্রতি বিশেষ আগ্রহ ছিল মুকুল জামিলের। তার বোনের হাত ধরেই সংগীতজগতে প্রবেশ করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ৩০টিরও বেশি মিক্সড অ্যালবামে কাজ করার পাশাপাশি প্রকাশ করেছেন সলো অ্যালবাম ‘আমি তো এমনই’।

সংগীতের পাশাপাশি অভিনয়েও নিজের জায়গা তৈরি করেছিলেন মুকুল। বিভিন্ন মিউজিক ভিডিওর পাশাপাশি নাটক ও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম