Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমার সাফল্য

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

কলকাতার চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের দুই সিনেমার সাফল্য

Advertisement

কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের দুটি চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে পিপলু আর খানের পরিচালনায় ‘জয়া আর শারমিন’ উৎসবের সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে।

একই আয়োজনে মকবুল চৌধুরীর ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ প্রামাণ্যচিত্র বিভাগে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’ অর্জন করেছে।

ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার উদ্যোগে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রোববার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘জয়া আর শারমিন’-এর প্রযোজক আবু শাহেদ ইমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উৎসবের সমালোচক, নির্মাতা ও দর্শকদের ইতিবাচক সাড়ার জন্য কৃতজ্ঞতা জানান। তার মতে, এই স্বীকৃতি ছবির শিল্পী ও কলাকুশলীদের জন্য যেমন অনুপ্রেরণার, তেমনি আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের চলচ্চিত্রের জন্যও এটি একটি ইতিবাচক অর্জন।

ছয় দিনব্যাপী উৎসবে মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ১৯টি সিনেমা। বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের নির্মাতাদের চলচ্চিত্র ছিল এবারের আয়োজনে। পূর্ণদৈর্ঘ্য বিভাগে বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক উজ্জ্বল চক্রবর্তী, রীতা দত্ত ও প্রদীপ কেনচানুরু।

এই বিভাগে দ্বিতীয় সেরা চলচ্চিত্রের ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার সিনেমা ‘রিভার টেলস’। পঙ্কজ বরা পরিচালিত ছবিটির পাশাপাশি শ্রীলঙ্কার ‘প্যানট্রাম’ পেয়েছে জুরি মেনশন। সিনেমাটি পরিচালনা করেছেন নাদিয়ে ওয়াসালামুদালিআরাচ্চি।

প্রামাণ্যচিত্র বিভাগে সেরা হয়েছে রণজিৎ রায় পরিচালিত ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। ছবিটি জিতেছে ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’। দ্বিতীয় সেরা হয়ে প্রামাণ্যচিত্রের ‘হরিসাধন দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ জিতেছে দীপ ভূঞা পরিচালিত ‘রিভার স্টিল ফ্লোজ’।

ড. ধৃতিশ্রী সরকার পরিচালিত ‘দ্য টেল অব কথা’ পেয়েছে স্বল্পদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে সেরা ছবির ‘চিদানন্দ দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’। একই বিভাগে দ্বিতীয় সেরা ছবির ‘চিদানন্দ দাশগুপ্ত সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে একটি ইরানি চলচ্চিত্র। ‘সাডেনলি রাইজ’ নামক সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ সাজাদ মোতাহারিজাদেহ।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম