পুরোনো ভিডিও ভাইরাল হয়ে বিপাকে কে-পপ তারকা
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ পিএম
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বখ্যাত দক্ষিণ কোরীয় গার্লগ্রুপ 'ব্ল্যাকপিংক'-এর সর্বকনিষ্ঠ সদস্য থাই র্যাপার ও গায়িকা লালিসা মনোবাল ওরফে লিসার গত ১১ সেপ্টেম্বর টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘অলওয়েজ লালিসা’র প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এ তথ্যচিত্রে ব্ল্যাকপিংক থেকে দূরে থাকার সময় লিসার একক ক্যারিয়ার ও ব্যক্তিগতজীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে।
আগামী ১২ অক্টোবর প্রেক্ষাগৃহ ও আইম্যাক্সে মুক্তি পাবে ‘অলওয়েজ লালিসা’ তথ্যচিত্রটি। পরে চলতি বছর ইউটিউব প্রিমিয়ামেও দেখা যাবে এটি। এ তথ্যচিত্রটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ারের পর মার্কিন সাময়িকী ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।
লিসা বলেন, ‘আমাকে সত্যিই ক্ষমা চাইতে হবে। সত্যি বলতে, আমি থাইল্যান্ডে বড় হয়েছি। সেখানে এ বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয়নি। তাই তখন আমি জানতাম না।’
ব্ল্যাকপিংকের সদস্য লিসার এক দশকের বেশি পুরোনো একটি ভিডিও নিয়ে গত বছর বিতর্ক তৈরি হয়েছিল। ২০২৫ সালে লিসার প্রথম একক কোচেলা পরিবেশনের প্রস্তুতির সময় ভিডিওগুলো প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়। সেই ভিডিও অনেক পুরোনো। সেই ভিডিওতে কৃষ্ণাঙ্গদের উদ্দেশে ব্যবহৃত একটি বর্ণবাদী শব্দ ছিল।
তখন লিসা ও ব্ল্যাকপিংকের অন্য সদস্যরা কিশোরী ছিলেন। তারা অন্য শিল্পীদের গান অনুশীলন করছিলেন। সেসব গানের কথায় ওই বর্ণবাদী শব্দ ছিল। এবার সেই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন লিসা। তিনি বলেন, তখন তিনি ওই শব্দের অর্থ ও এর বর্ণবাদী ইতিহাস জানতেন না।
বিতর্কের বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে লিসাকে তার প্রতিষ্ঠান নিষেধ করেছিল বলে তথ্যচিত্রে দেখানো হয়েছে। সেই সময়ের কথা মনে করে লিসা বলেন, ‘আমি খুব মন খারাপ করেছিলাম। কারণ আমি শুধু আমার পরিবেশনায় মন দিতে চেয়েছিলাম। কিন্তু কিছু ঘটনা ঘটে যায়, যেগুলো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। তবে আমি লড়াই করে এগিয়ে গেছি।’
লিসা বলেন, ‘এখন আমি বিষয়টি জেনেছি এবং এ সম্পর্কে শিক্ষা নিয়েছি। আমি আর কখনো এমন করব না। এটা ঠিক হয়নি। সত্যিই।’
উল্লেখ্য, লিসা, জেনি, জিসু ও রোজে এখন নিজেদের একক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে ব্ল্যাকপিংক থেকে তারা কখনোই পুরোপুরি দূরে যাবেন না বলে জানিয়েছেন লিসা। তিনি বলেন, ‘আমার বয়স ৫০ হলেও আমি ব্ল্যাকপিংক করতে চাই।’
