Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘আমার বাবা সব জানে’—শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পিএম

‘আমার বাবা সব জানে’—শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট

ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

Advertisement

ছোটবেলার সেই নির্ভরতা, বাবাকে নিয়ে গর্ব এবং বাবাকে হারানোর পর নিঃশব্দ শূন্যতার অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। প্রয়াত বাবার জন্মদিনে তার স্মৃতিচারণ করে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে লেখা এই স্ট্যাটাসটি ইতোমধ্যে নেটিজেনদের মন ছুঁয়ে গেছে। 

পোস্টের শুরুতেই ফারিয়া লিখেছেন, আমি ছোট থেকে বড় হয়েছি একটা বিশ্বাস নিয়ে—‘আমার বাবা সব জানে।’ আমি যখন বড় হয়েছি, তখন গুগল করার সুযোগ ছিল না। আমার বাবাই ছিলেন আমার গুগল, আমার এনসাইক্লোপিডিয়া। কিংবা আজকের ভাষায় বললে, আমার চ্যাটজিপিটি! 

দুনিয়াতে এমন কোনো বিষয় ছিল না, যেটা নিয়ে জানতে চাইলে বাবার কাছে কোনো না কোনো উত্তর পাওয়া যেত না।

ফারিয়া জানান, ছোটবেলায় বাবাকে শত প্রশ্ন করলেও তার মধ্যে কখনো বিরক্তি দেখেননি, বরং মেয়ের কৌতূহল মেটানোর মধ্যে এক অদ্ভুত আনন্দ পেতেন তিনি। 

অভিনেত্রীর ভাষায়, আমার প্রশ্নের কোনো শেষ ছিল না। কিন্তু আমার বাবার ধৈর্যেরও যেন কোনো শেষ ছিল না। আমি একইভাবে একশোটা প্রশ্ন করলেও বাবা কখনো বিরক্ত হতেন না। বরং আমার প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে যেন একটা আনন্দ ছিল তার।

বাবার প্রয়াণের পর জীবনের উপলব্ধি কেমন বদলে গেছে, তা তুলে ধরে ফারিয়া আরও লেখেন, বাবা চলে যাওয়ার পর বুঝেছি, মানুষ শুধু একজন প্রিয় মানুষকে হারায় না, কখনো কখনো নিজের সবচেয়ে বড় ‘জানার জায়গাটাকেও’ হারিয়ে ফেলে। দিন যায়, মাস যায়, বছর যায় অথচ প্রতিদিনের ২৪ ঘণ্টায় এমন কোনো না কোনো একটা মুহূর্ত আসে, যখন মনে হয়—‘এই কথাটা বাবাকে বললে তিনি খুব মজা পেতেন’ কিংবা ‘কোনো সমস্যায় পড়লে বাবা থাকলে তো নিমিষেই সমাধান হয়ে যেত।

জীবন তার নিয়মে এগিয়ে চললেও এই ছোট ছোট ‘বাবাকে বলার ছিল’ মুহূর্তগুলোর কোনো শেষ নেই বলে উল্লেখ করেন তিনি। 

বাবার জন্মদিনে তাকে স্মরণ করে পোস্টের শেষাংশে ফারিয়া লিখেছেন, শুভ জন্মদিন বাবা, আমি তোমাকে মিস করি। সবসময়। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত বাবাকে নিয়ে অভিনেত্রীর এই মর্মস্পর্শী স্মৃতিচারণের পর তার ভক্ত-অনুরাগীসহ অনেকেই সমবেদনা ও ভালোবাসার বার্তা জানিয়েছেন। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম