মঞ্চে এক্টোম্যানিয়ার ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাজিলিয়ান কথাসাহিত্যিক পাওলো কোয়েলহোর কালজয়ী উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’ অবলম্বনে মঞ্চে এসেছে নাট্যদল এক্টোম্যানিয়ার নতুন প্রযোজনা ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’। এটি দলটির চতুর্থ প্রযোজনা।
রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে গত দুই দিনে নাটকটির তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রযোজনাটির মঞ্চনাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ। মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন দলটির প্রধান তালহা জুবায়ের।
নির্দেশক তালহা জুবায়ের বলেন, বস্তুবাদ ও পুঁজিবাদের এই সময়ে মানুষ যখন চারপাশের সবকিছুকে নিখুঁততার মাপকাঠিতে বিচার করতে ব্যস্ত, তখন কোয়েলহোর উপন্যাসের আধ্যাত্মিকতা, প্রকৃতি ও মহাবিশ্বের নিয়মের সঙ্গে মানুষের সংযোগের বার্তা মানসিক প্রশান্তি ও দার্শনিক খোরাক জোগায়।
‘দ্য আলকেমিস্ট’ কেবল কোনো গন্তব্যে পৌঁছানোর গল্প নয়; এটি পথচলার অভিজ্ঞতা ও আত্মিক রূপান্তরের গল্প। আজকের অনিশ্চিত ও অস্থির সময়ে এই অভ্যন্তরীণ রূপান্তর অত্যন্ত জরুরি বলে মনে করি।
উপন্যাসের মূল চরিত্র আন্দালুসীয় তরুণ মেষপালক সান্তিয়াগো স্বপ্নে দেখা মিসরের পিরামিডের কাছে গুপ্তধনের সন্ধানে যাত্রা করে। পথে একের পর এক মানুষের সঙ্গে তার দেখা হয়। প্রতিটি সাক্ষাৎ তাকে জীবন ও নিজের আকাঙ্ক্ষা সম্পর্কে নতুন উপলব্ধির মুখোমুখি করে।
জিপসি নারী, সালেমের রাজা মেলচিজেডেক, স্ফটিক ব্যবসায়ী, ইংরেজ তরুণ, কাফেলা সর্দার ও মরূদ্যানের ফাতিমা—প্রত্যেকেই সান্তিয়াগোর অভিযাত্রার ভিন্ন অধ্যায় হয়ে ওঠে। শেষ পর্যন্ত রহস্যময় আলকেমিস্টের সান্নিধ্যে এসে তার সামনে উন্মোচিত হয় জীবনের আরেক সত্য।
বিশ্বনাট্যের ধ্রুপদি ধারাকে অনুসন্ধানের অংশ হিসেবে প্রযোজনাটিতে ফিজিক্যাল অ্যাকশন ও আধুনিক নাট্যরীতির সমন্বয় করেছে এক্টোম্যানিয়া।
