Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘ম্যায় হুঁ হিরো তেরা’ গান নিয়ে আবার সরব আমাল মালিক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পিএম

‘ম্যায় হুঁ হিরো তেরা’ গান নিয়ে আবার সরব আমাল মালিক

ফাইল ছবি

Advertisement

‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি তৈরির জন্য প্রাপ্য সম্মান নিয়ে আবার সরব হয়ে উঠেছেন বলিউডের সংগীত পরিচালক ও সংগীতশিল্পী আমাল মালিক। জানালেন তার লড়াই কোনো বিতর্ক নয়, একজন শিল্পীর প্রাপ্য সম্মান ও স্বীকৃতির। গান তৈরি করেও নাকি কোনো প্রাপ্য সম্মান পাননি এ গায়ক। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘ম্যায় হুঁ হিরো তেরা’ গানটি নিয়েই ঘটনার সূত্রপাত। ‘হিরো’ সিনেমার বর্ষপূর্তি উপলক্ষ্যে ‘সালমান খান ফিল্মস’-এর তরফে একটি পোস্ট করা হয়েছিল। সেই পোস্টে প্রথমে আমাল মালিক এবং গীতিকার কুমারের নাম ছিল না। বিষয়টি নজরে আসতেই সামাজিক মাধ্যমে সরব হন এ সংগীতশিল্পী। পরে পোস্টে তার নাম যোগ করা হয়। কিন্তু ততক্ষণে পানি গড়িয়েছে অনেক দূর।

আমাল মালিকের মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয়েছিল বিতর্ক। সেই প্রসঙ্গে আবার মুখ খুললেন গায়ক। তার দাবি, বিষয়টিকে নিছক ‘বিতর্ক’ বলে দেখলে আসল সমস্যাটাই আড়ালে থেকে যায়। তার লড়াই প্রাপ্য সম্মান, লেখক-সুরকারের অধিকার এবং দায়বদ্ধতা নিয়ে।

গায়ক সরব হওয়ার পর অনেকেই নানা প্রশ্ন তুলেছেন। সামাজিক মাধ্যমের নেটিজেনদের একাংশের দাবি, তিনি শুধু সবার নজরে আসতে চাইছেন। এ বক্তব্য চোখে পড়ার পরেই নিজের ভাবনা স্পষ্ট করেন আমাল মালিক।

তিনি বলেন, তার বাবা ডাবু মালিকও দীর্ঘ ১৫ বছর নীরব ছিলেন। শিল্পী-সম্পর্ক এবং পারস্পরিক সম্মানের কথা ভেবেই তিনি এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেননি। 

এ সংগীতশিল্পী বলেন, সমস্যা তৈরি হওয়ার পর প্রথমেই জনসমক্ষে কথা বলেননি। সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা, অভিনেতা এবং অন্যদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে বিষয়টি মেটানোর চেষ্টা করেছিলেন। 

আমাল মালিক বলেন, তাদের নিজেদের নাম যোগ করার অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু প্রত্যাশিত সাড়া না মেলায় শেষ পর্যন্ত প্রকাশ্যে কথা বলতে বাধ্য হন।

এর আগে ২০১৬ সালে ‘এমএস ধোনি: দি আনটোল্ড স্টোরি’ সিনেমার একটি গান নিয়ে নিজের প্রাপ্য অধিকার আদায়ের জন্য লড়াই করতে হয়েছিল বলে জানিয়েছেন আমাল মালিক। তিনি বলেন, ২০২৬ সালেও যদি একজন শিল্পীকে নিজের কাজের যথাযথ স্বীকৃতির জন্য একইভাবে লড়তে হয়, তা দুঃখজনক।

 ‘আপনিই কেন বারবার বিতর্কে জড়ান’— এমন প্রশ্নের উত্তরে এ সংগীতশিল্পী বলেন, পরিচিতি তৈরি করার জন্য তার কোনো বিতর্কের প্রয়োজন নেই। শিল্পীর কাজের সঙ্গে তার নাম এবং কৃতিত্বের স্বীকৃতি জড়িয়ে থাকে। সেই স্বীকৃতি না পাওয়া পর্যন্ত প্রশ্ন তোলাই উচিত বলে মনে করেন তিনি। সেটাই সবচেয়ে জরুরি তার কাছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম