বিগ বস বাংলায় সালমানের পথ অনুসরণ করছেন না সৌরভ, জানালেন কারণ
Advertisement
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
‘বিগ বস বাংলা’র নতুন মৌসুমে সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। দীর্ঘদিন ধরে ‘বিগ বস’ সঞ্চালনা করছেন বলিউড তারকা সালমান খান। তাই নতুন অনুষ্ঠানটির সঞ্চালনায় সৌরভ সালমানের স্টাইল অনুসরণ করবেন কি না, তা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল। তবে সৌরভ স্পষ্ট করে জানিয়েছেন, সালমানের মতো করে নয়, নিজের ধরনেই অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, তার নিজস্ব ধরন আছে, তিনি আলাদা। সৌরভ গাঙ্গুলি সালমান খানের মতো একই কাজ করতে পারেন না। আমরা ভিন্ন মানুষ, আমাদের ব্যক্তিত্বও আলাদা। তিনি তার নিজের মতো করে সঞ্চালনা করেন, আমিও আমার মতো করে করব। আমার মনে হয়, বিভিন্ন সংস্করণের অন্য সঞ্চালকদের ক্ষেত্রেও বিষয়টি একই।
সালমানের সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় নিয়েও কথা বলেন সৌরভ। তিনি জানান, জীবনে মাত্র একবার সালমানের সঙ্গে তার দেখা হয়েছে। কলকাতায় একটি অনুষ্ঠানে তাদের সাক্ষাৎ হয়েছিল। ‘বিগ বস’-এর সেটে সালমানের সঙ্গে তার দেখা না হলেও টেলিভিশনে তাকে অনুষ্ঠানটি সঞ্চালনা করতে দেখেছেন সৌরভ।
‘বিগ বস বাংলা’য় নিজের কথা বলার ধরন এবং প্রতিযোগীদের সঙ্গে নিজের মতো করে আচরণ করার পরিকল্পনা রয়েছে তার। তবে নতুন এই দায়িত্ব তার জন্য একেবারে অপরিচিত নয়। এর আগে প্রায় ১০ বছর ধরে ‘দাদাগিরি আনলিমিটেড’ সঞ্চালনা করেছেন সৌরভ।
দীর্ঘদিন একই অনুষ্ঠান সঞ্চালনা করতে করতে সেটির সঙ্গে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন তিনি। তাই নতুন কোনো অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লেগেছিল। সুযোগ পেলেই মাঝেমধ্যে ‘বিগ বস’ও দেখতেন বলে জানান সৌরভ।
একপর্যায়ে তার মনে হয়, এবার পরিবর্তনের সময় এসেছে। নতুন অনুষ্ঠানটিকে তাই ভিন্ন কিছু করার ভালো সুযোগ হিসেবে দেখেন তিনি। ক্রিকেটের কারণে স্টারের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কও এই প্রস্তাবকে তার কাছে আরও বিশেষ করে তোলে। সবকিছু বিবেচনা করে শেষ পর্যন্ত নতুন দায়িত্ব গ্রহণের সিদ্ধান্ত নেন সাবেক এই ভারতীয় অধিনায়ক।
‘বিগ বস বাংলা’র সাপ্তাহিক বিশেষ পর্বের নাম রাখা হয়েছে ‘দাদার দরবার’। হিন্দি সংস্করণের ‘উইকেন্ড কা ভার’-এর পরিবর্তে এই নাম ব্যবহার করা হয়েছে।
গত ৩০ আগস্ট শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’র তৃতীয় মৌসুম। প্রথম মৌসুমের সঞ্চালক ছিলেন প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী। দ্বিতীয় মৌসুমে সঞ্চালকের দায়িত্ব পালন করেন জিতেন্দ্র মাদনানি। এবার তৃতীয় মৌসুমে সেই দায়িত্বে এসেছেন সৌরভ গাঙ্গুলি।
সূত্র: এনডিটিভি
