Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্যানসারজয়ী সাহারার প্রথম সিনেমায় সই, আবেগঘন বার্তা বাবা বিবেকের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম

ক্যানসারজয়ী সাহারার প্রথম সিনেমায় সই, আবেগঘন বার্তা বাবা বিবেকের

Advertisement

বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের দত্তককন্যা সাহারা শাহ এবার অভিনয়ে পা রাখতে চলেছেন। মাত্র আড়াই বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন বিবেককন্যা। সেই সময় থেকেই তার পাশে ছিলেন অভিনেতা। 

বর্তমানে সাহারা শাহর বয়স ২২ বছর। তিনি এখন ক্যানসারজয়ী মেয়ে। শুধু তাই নয়, সম্প্রতি অ্যাভিয়েশন প্রশিক্ষণও শেষ করেছেন বিবেকের দত্তককন্যা। এবার তিনি নেপালি একটি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে চলেছেন।

সম্প্রতি মুম্বাইয়ে ক্যানসার ‘রোজ ডে’ উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই নিজের নতুন সিনেমার কথা জানান সাহারা শাহ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিবেক ওবেরয়েও। তার সামনেই প্রথম সিনেমায় সই করেন সাহারা। পরে সিনেমার পোস্টারও প্রকাশ করা হয়।

সংশ্লিষ্ট অনুষ্ঠানে দাঁড়িয়ে বিবেককন্যা বলেন, ‘শিগগিরই দুবাইয়ে দেখা হবে। আর মনে হয় না আমাদের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে। আমি সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছি। এটি একটি নেপালি সিনেমা। চুক্তিতে সই করার আগে আমি আপনাদের আশীর্বাদ নিতে চেয়েছিলাম।'

বিবেকের দিকে তাকিয়ে তিনি বলেন, 'আমি ছোটবেলা থেকেই আপনাকে দেখে আসছি। সবসময় আপনার মতো হতে চেয়েছি। আমার জীবনে আপনার অনেক বড় ভূমিকা রয়েছে। আপনার দেখানো পথেই সবসময় হাঁটতে চেষ্টা করেছি। কতটা পেরেছি জানি না।’ 

অভিনয় ও নাচের জন্য বিবেকের সাপোর্ট ছিল। তাই নিজের প্রথম সিনেমায় কাজ করার সুযোগ পেয়ে তিনি খুব খুশি। বিবেক ও তার স্ত্রী প্রিয়াংকা আলভারের নিজেদের দুই সন্তান রয়েছে। তাদের ছেলে বিভান বীর ও মেয়ে আমেয়া নির্বাণ। 

তবে নিজের সন্তানদের পাশাপাশি দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত শিশুদের সাহায্য করে আসছেন বিবেক। এদিকে সাহারা শাহ এখন ক্যানসারমুক্ত। 

অ্যাভিয়েশন প্রশিক্ষণ শেষ করার পর এবার অভিনয়ের দিকে এগোচ্ছেন বিবেককন্যা। প্রথম ছবিটিও হতে চলেছে তার জন্য বিশেষ। কারণ এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রেই দেখা যাবে তাকে।

মেয়ের মুখে অভিনয়ে আসার কথা শুনে আবেগ ধরে রাখতে পারেননি অভিনেতা বিবেক। তিনি বলেন, ‘এটা আমার কাছেও খুব গর্বের মুহূর্ত। আমি চাই তুমি তোমার ক্যারিয়ারে অনেক দূর এগিয়ে যাও। ছবিতেও খুব ভালো অভিনয় করো। তোমার জন্য আমি খুব খুশি। ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

সাহারাকে নিজের লড়াইয়ের কথা মনে করিয়ে বিবেক বলেন, ‘ভুলে যেও না তুমি একজন বিজয়ী। তুমি ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে আজ নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছ।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম