রজনীকান্তের জন্য যে বড় সিদ্ধান্ত নিলেন ধানুশ
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
একসময়ে দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা রজনীকান্ত ছিলেন আরেক অভিনেতা ধানুশের শ্বশুর, এখন সেই সম্পর্কের ইতি ঘটেছে। পরিচয় এখন অতীত। কিন্তু সম্পর্ক সাবেক হলেও সমীকরণ বদলায়নি, বিবেক জাগ্রত। শ্রদ্ধার জায়গাটা যে এখনো অটুট, তারই যেন প্রমাণ দিলেন অভিনেতা ধানুশ।
সাবেক শ্বশুর রজনীকান্তের সিনেমার সঙ্গে যাতে একই সময়ে বক্সঅফিসে সংঘাত না হয়, সে কথা মাথায় রেখেই নিজের নতুন সিনেমা ‘ওম’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি।
বাস্তব ঘটনার অনুপ্রেরণায় তৈরি এই তামিল অ্যাকশন-থ্রিলারের গল্প নিয়ে এবারের ধানুশের সিনেমা। যদিও এখনো বেশ গোপনেই রাখা হয়েছে এ সিনেমার খুঁটিনাটি। তবে জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা-পরিচালক-সম্পাদক এবং মম্মুট্টির মতো তারকার সমাবেশে সিনেমাটি নিয়ে প্রত্যাশা ইতোমধ্যে তুঙ্গে।
জাতীয় পুরস্কারে জোড়া সাফল্যের পর ধানুশ এখন ব্যস্ত নতুন সিনেমার কাজে। ‘ওম: চ্যাপ্টার ১ (উধিরাম—দ্য ব্লাড উড)’-এর মুক্তি প্রথমে আগামী ১৬ অক্টোবর নির্ধারিত ছিল। কিন্তু সেই তারিখের ঠিক একদিন আগে, ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত অভিনীত সিনেমাটি। তাই আর কোনো ঝুঁকি না নিয়ে ‘ওম’-এর মুক্তি আপাতত পিছিয়ে দিলেন এ অভিনেতা। তবে নতুন তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
সামাজিক মাধ্যমে সিদ্ধান্তের কথা জানিয়ে ধানুশ জানিয়েছেন, এই সময়ে কোনো ছবির মুক্তি পিছিয়ে দেওয়া সহজ নয়। কিন্তু রজনীকান্তের প্রতি গভীর শ্রদ্ধা থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, আমাদের সুপারস্টার রজনীকান্ত স্যার, যাকে আমরা বছরের পর বছর শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে এসেছি, তার ছবি ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে। তার প্রতি সম্মান জানিয়ে ‘ওম’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
শুধু রজনীকান্তের ছবি নয়, এ বছরের দীপাবলিতেও কোনো সিনেমা মুক্তি পাবে না বলে জানিয়েছেন ধানুশ। কারণ সেই সময়ে অন্য এক বড় বাজেটের ছবি মুক্তি পাওয়ার কথা। ধানুশ বলেন, অন্য ছবির ঘোষিত তারিখকে সম্মান জানানোই শিল্পের বৃহত্তর স্বার্থে ভালো। বড় ছবিগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং একে অন্যের সিদ্ধান্তকে সম্মান করার প্রয়োজন রয়েছে বলেও মত তার।
উল্লেখ্য, রজনীকান্ত শুধু দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম বড় তারকা নন, ধানুশের সাবেক শ্বশুরও। এ বর্ষীয়ান অভিনেতার দুই কন্যার মধ্যে বড় মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয়েছিল ধানুশের। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে তারা বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। ফলে ব্যক্তিগত সম্পর্কের অধ্যায় শেষ হলেও রজনীকান্তের প্রতি ধানুশের শ্রদ্ধা যে এখনো রয়েছে, সেই সিদ্ধান্তে আবার তা স্পষ্ট হলো।
