Logo
Logo
×

Advertisement

বিনোদন

একুশ শতকের সেরা টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ এএম

একুশ শতকের সেরা টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’

Advertisement

একুশ শতকের সেরা টেলিভিশন সিরিজ হিসেবে ‘ব্রেকিং ব্যাড’-কে নির্বাচিত করেছে নিউইয়র্ক টাইমস। পাঁচ শতাধিক টেলিভিশন পেশাজীবীর অংশগ্রহণে পরিচালিত এক জরিপের ভিত্তিতে সিরিজটিকে শীর্ষে রাখা হয়েছে।

জরিপে অংশ নেন মোট ৫১৬ জন অভিনেতা, লেখক, প্রযোজক, শোরানার ও টেলিভিশন নির্বাহী। ২০০০ সালের ১ জানুয়ারির পর প্রচারিত সিরিজগুলোর মধ্য থেকে প্রত্যেককে সর্বোচ্চ ১০টি পছন্দের নাম দিতে বলা হয়। ভোটের ফলাফলে ভিন্স গিলিগানের তৈরি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রচারিত ক্রাইম ড্রামা ‘ব্রেকিং ব্যাড’ সবার ওপরে উঠে আসে।

সিরিজটির কেন্দ্রীয় চরিত্র ওয়াল্টার হোয়াইট। পেশায় রসায়নের শিক্ষক এই শান্ত স্বভাবের মানুষটি ক্যানসারে আক্রান্ত হওয়ার পর জীবনের মোড় ঘুরিয়ে ফেলেন। ধীরে ধীরে তিনি মাদক ব্যবসার জগতে প্রবেশ করে কুখ্যাত মেথামফেটামিন প্রস্তুতকারক ‘হাইজেনবার্গ’-এ পরিণত হন।

ওয়াল্টার হোয়াইট চরিত্রে ব্রায়ান ক্র্যানস্টনের অভিনয় সিরিজটির অন্যতম বড় আকর্ষণ। একজন সাধারণ শিক্ষক থেকে ভয়ংকর অপরাধী হয়ে ওঠার তার রূপান্তরকে টেলিভিশনের অন্যতম স্মরণীয় অভিনয় হিসেবে দেখা হয়। অন্যদিকে অ্যারন পলের অভিনীত জেসি পিংকম্যান চরিত্রটি গল্পের আবেগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। নৈতিক অবক্ষয় ও অপরাধের জগতকে টানটান উত্তেজনার সঙ্গে তুলে ধরার কারণে সিরিজটি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে।

নিউইয়র্ক টাইমসের তালিকায় ‘ব্রেকিং ব্যাড’-এর পর দ্বিতীয় স্থানে রয়েছে ‘দ্য ওয়্যার’। এরপরের অবস্থানগুলোতে রয়েছে যথাক্রমে ‘ম্যাড মেন’, ‘সাকসেশন’ ও ‘ফ্লিব্যাগ’। শীর্ষ দশের বাকি সিরিজগুলো হলো ‘গেম অব থ্রোনস’, ‘ভিপ’, ‘৩০ রক’, ‘কার্ব ইয়োর এনথুজিয়াজম’ ও ‘আটলান্টা’।

তালিকাটি তৈরির ক্ষেত্রে শুধু জনপ্রিয় ড্রামা সিরিজ নয়, রিয়্যালিটি শো, তথ্যচিত্র, টক শো এবং ইউটিউব সিরিজও বিবেচনায় নেওয়া হয়েছে।

এদিকে তালিকা প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, সাধারণ দর্শকের পরিবর্তে টেলিভিশন শিল্পের পেশাজীবীদের মতামতের ভিত্তিতে জরিপটি পরিচালনা করা হয়েছে। আবার অ্যানিমেশন সিরিজের প্রায় অনুপস্থিতি নিয়েও অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘দ্য সোপ্রানোস’ সিরিজটির নাম না থাকা। ১৯৯৯ সালে প্রথম প্রচারিত হওয়ায় ২০০০ সালের পর প্রচারিত সিরিজের জন্য নির্ধারিত এই তালিকায় সেটি অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ ছিল না।

শীর্ষস্থান নিয়ে অবশ্য জরিপে অংশ নেওয়া টেলিভিশন সংশ্লিষ্টদের মধ্যে বড় ধরনের মতভেদ দেখা যায়নি। ধারাবাহিক গল্প, চরিত্রের বিকাশ এবং নির্মাণশৈলীর কারণে ‘ব্রেকিং ব্যাড’ একুশ শতকের অন্যতম প্রভাবশালী টেলিভিশন সিরিজ হিসেবে নিজের অবস্থান আরও একবার প্রতিষ্ঠা করেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম