Logo
Logo
×

Advertisement

বিনোদন

অভিজিতের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ এএম

অভিজিতের বিস্ফোরক মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া

অভিজিৎ সাওয়ান্ত ও অরিজিৎ সিং। ছবি: সংগৃহীত

Advertisement

ঘটনা ২০০৫ সাল। একই সময়ে রিয়্যালিটি শোর মঞ্চ থেকে দর্শকদের নজরে এসেছিলেন সংগীত জগতের জনপ্রিয় দুই সংগীতশিল্পী অভিজিৎ সাওয়ান্ত ও অরিজিৎ সিং। কিন্তু তাদের দুজনের ক্যারিয়ার একেবারেই অন্যরকম ছিল। একজন রিয়্যালিটি শো জিতে রাতারাতি ঘরে ঘরে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। আরেকজনকে অপেক্ষা করতে হয়েছিল আরও বেশ কয়েক বছর। পরে সেই অরিজিৎ সিং-ই হয়ে ওঠেন দেশের অন্যতম জনপ্রিয় গায়ক।

সম্প্রতি নিজের ক্যারিয়ারের শুরুর সময় এবং অরিজিতের সঙ্গে সেই সময়ের তুলনা নিয়ে কথা বলেছেন অভিজিৎ সাওয়ান্ত। তিনি বলেন, ২০০৫ সালের পরের কয়েক বছর অরিজিতের তুলনায় তিনি অনেক বেশি জনপ্রিয় ছিলেন। তবে দুজনের ক্যারিয়ারের গতিপথ যে এতটা আলাদা হয়ে যাবে, তা তখন হয়তো কেউ-ই ভাবেননি।

এক সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, ২০০৫ সালের পর অরিজিৎ প্রায় এক দশক সাধারণ মানুষের চোখের আড়ালে থেকেই কাজ করেছেন। তবে সেই সময়টা অরিজিতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল বলেই মনে করেন তিনি। 

অভিজিৎ বলেন, অরিজিৎ সেই সময় বড় বড় সংগীত পরিচালকের সঙ্গে কাজ করতেন। তবে গায়ক হিসেবে নয়, বরং প্রযোজক ও প্রোগ্রামার হিসেবে।

অরিজিৎ যেন একেবারে গোড়া থেকে নিজের যাত্রা শুরু করেছিলেন। সেই সময় তাকে খুব বেশি মানুষ চিনতেনও না। আর অভিজিৎ ইতোমধ্যে রিয়্যালিটি শোর সুবাদে বিপুল জনপ্রিয়তা পেয়ে গেছেন। 

এ সংগীতশিল্পী বলেন, জনপ্রিয়তার এই পার্থক্যের কারণে দুজনের ওপর চাপও ছিল আলাদা। অভিজিৎ যখন দর্শকদের প্রত্যাশা এবং জনপ্রিয়তার চাপ সামলাচ্ছেন, তখন অরিজিৎ ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছেন।

নিজেদের ক্যারিয়ারের এ তুলনা করতে গিয়ে অভিজিৎ শেষ পর্যন্ত একটি বড় কথাই বলতে চেয়েছেন। তিনি বলেন, দর্শক অনেক সময় কোনো শিল্পীর দৃশ্যমান সাফল্যকেই তার যোগ্যতার মাপকাঠি হিসেবে ধরে নেন। যে শিল্পী বেশি জনপ্রিয়, তাকে নিয়ে প্রশংসা হয়। আবার যার সম্পর্কে মানুষ কম জানেন, তার কাজ বা ক্যারিয়ারে সহজেই খামতি খোঁজা হয়। অভিজিতের মতে, প্রত্যেক শিল্পীর পথ আলাদা এবং প্রত্যেকেই নিজের মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম