গুলিতে আহত টাইগার, খবর পেয়েই ছুটলেন সাবেক প্রেমিকা দিশা
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম
দিশা পাটানি ও টাইগার শ্রফ। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হামলার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই কথিত সদস্য।ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিনেতার বাড়িতে ছুটে যান তার সাবেক প্রেমিকা দিশা পাটানি। ভাইরাল ভিডিওতে তাকে বেশ উদ্বিগ্ন দেখাচ্ছিল।
রোববার (১৮ অক্টোবর) মুম্বাইয়ের জুহু এলাকার পুষ্পা পার্কে একটি ক্লাবে ফুটবল খেলে গাড়িতে ফিরছিলেন টাইগার শ্রফ। এ সময় মোটরসাইকেলে আসা তিন বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি ছোড়ে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় টাইগারের গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হন। গাড়িচালক গুলিবিদ্ধ হওয়ার পর নিজেই গাড়ির স্টিয়ারিং ধরেন অভিনেতা।
গুলিবর্ষণের খবর ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই টাইগারের বাড়িতে যান দিশা পাটানি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বেশ উদ্বিগ্ন অবস্থায় দ্রুত বাড়ির ভেতরে ঢুকতে দেখা যায়। এ সময় আলোকচিত্রীদের ক্যামেরা এড়িয়ে চলার চেষ্টা করেন তিনি।
একসময় টাইগার ও দিশার প্রেমের গুঞ্জন ছিল বলিউডে বেশ আলোচিত। যদিও তাদের সম্পর্কের বিষয়টি কখনো প্রকাশ্যে স্বীকার করেননি দুজনের কেউই।
টাইগারের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী
গুলির ঘটনার পর টাইগার শ্রফের সঙ্গে দেখা করতে তার বাড়িতে যান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এবং উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
ঘটনার পর টাইগারের প্রথম ছবিও প্রকাশ্যে এসেছে। ছবিতে তার হাতে ব্যান্ডেজ ও শরীরের বিভিন্ন স্থানে চিকিৎসার জন্য ড্রেসিং দেখা যায়।
একনাথ শিন্ডে জানান, গুলিবর্ষণের সময় বারুদের প্রভাব ও ভাঙা কাচের টুকরোর আঘাতে টাইগারের বাম হাত আহত হয়েছে। তিনি বলেন, ‘আমি অভিনেতার সঙ্গে দেখা করেছি। বারুদ ও কাচের টুকরোর কারণে তার বাম হাতে আঘাত লেগেছে। তিনি ও তার মা দুজনই বেশ আতঙ্কিত।’
সালমান খানের সঙ্গে কাজ করলেই পরিণতি ভোগ করতে হবে?
গুলির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার দায় স্বীকার করে পোস্ট দেয় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই কথিত সদস্য অনিল পণ্ডিত ও হারমান সান্ধু।
একটি পোস্টে তারা দাবি করে, টাইগারকে আগে ফোন করে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব দেননি।
পোস্টে বলা হয়, ‘আমরা তাকে ফোন করে বুঝিয়েছিলাম, কিন্তু তিনি বোঝেননি। তাই আজ তাকে ভালোভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে—মুম্বাইয়ের চলচ্চিত্রজগতের যে কেউ আমাদের কথা না শুনলে বা সালমান খানের সঙ্গে কাজ করলে, পরবর্তী নিশানা হবে সে। অপেক্ষা করুন, দেখুন কী হয়।’
পোস্টটির সঙ্গে একটি ভয়েস বার্তাও যুক্ত ছিল। তবে হামলার দায় স্বীকার করে দেওয়া এসব দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


