জনপ্রিয় গায়িকার ইউটিউব চ্যানেল রাতারাতি গায়েব
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ০৭:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এক দশকেরও বেশি সময় ধরে ভারতের জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তীর ইউটিউব চ্যানেল শ্রোতাদের বিনোদন জোগাচ্ছে। অথচ সেই চ্যানেলই গায়েব হয়ে গেল!
ইমনের দাবি, ইউটিউবের পক্ষ থেকে আগাম কোনো সতর্কবাণীও তিনি পাননি। হঠাৎ করে নিজের চ্যানেল উধাও হয়ে যাওয়ায় কী করবেন বুঝতে পারছেন না ‘তুমি যাকে ভালবাসো’র গায়িকা। ইমন পুরো বিষয়টা জানিয়ে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন।
ফেসবুকে শিল্পী লেখেন- ‘আজ সকালে ইউটিউবের পক্ষ থেকে একটি ইমেল পেলাম। ওরা ওদের প্ল্যাটফর্ম থেকে আমার চ্যানেলটিকে সরিয়ে নিয়েছে। জানি না কী করেছি, বা আমি কোনো নিয়ম লঙ্ঘন করেছি। আমরা এই চ্যানেলের পেছনে এতটা সময় বিনিয়োগ করেছি। হঠাৎ ওদের একটা মেইল আসায় সেটা গায়েব হয়ে গেল। এটা সত্যিই অনভিপ্রেত।’
সাধারণত সমাজমাধ্যম ব্যবহারকারীর কোনো চ্যানেলকে বন্ধ করার আগে সংশ্লিষ্ট মাধ্যমটির পক্ষে সতর্কবার্তা দেওয়া হয়। তারপরও তা না মানলে তখন ওই সমাজমাধ্যম প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে বা তার প্রোফাইল ব্লক করতে পারে। কিন্তু ইমনের ক্ষেত্রে এ রকম কোনো ঘটনাই ঘটেনি।
আনন্দবাজারের পক্ষ থেকে শিল্পীর সঙ্গে যোগাযোগ করা হলে ইমন বললেন, ‘ইউটিউব জানিয়েছে, আমরা নাকি কিছু নিয়ম লঙ্ঘন করেছি। কিন্তু কী নিয়ম ভেঙেছি, সেটা জানায়নি। আমাদের যদি খুঁজে বার করতে হয় কী ভুল করেছি, সেই সুযোগও নেই। কারণ চ্যানেলটাই তো নেই!’
এই শিল্পী বলেন, ‘একটা চ্যানেলের পেছনে একটা পুরো টিমের পরিশ্রম কাজ করে। একটা গান তৈরিতে লাখ লাখ টাকা খরচ হয়। তাছাড়া আমার চ্যানেল থেকে নতুনদের গানও প্রকাশ করেছি। তাদের গানের ভিউয়ারশিপও দারুণ। ওদের জন্য আরও বেশি খারাপ লাগছে।’
ইমনের কথায়- ‘ঠিক কী কারণে ওরা এই কাজটা করল সেটা আমরা জানতে চাইব। তারপর ওদের তরফে ইমেইল না আসা পর্যন্ত তো অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।’
