Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নিজেকে কীভাবে ভাঙা যায় প্রতিনিয়ত সে চেষ্টা করি

Advertisement

Icon

 হাসান সাইদুল 

প্রকাশ: ১২ মে ২০২৩, ০৯:৫৮ এএম

নিজেকে কীভাবে ভাঙা যায় প্রতিনিয়ত সে চেষ্টা করি

Advertisement

অভিনয়ে জনপ্রিয়তার সঙ্গে কাজ করছেন এফএস নাঈম। অভিনয়ের ফাঁকে কণ্ঠে গানও তোলেন এ অভিনেতা। সম্প্রতি রেকর্ডিং করেছেন কয়েকটি গান, যেগুলো প্রচারের অপেক্ষায়। বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি

* গত ঈদে প্রচারিত আপনার অভিনীত নাটকগুলো থেকে কেমন সাড়া পাচ্ছেন?

** আমার অভিনীত টেলিভিশনে প্রচারিত নাটকগুলো যখন ইউটিউবে আপলোড করা হয় তখন ভালোই সাড়া দেখা যায়। এখন তো দর্শক সরাসরি নিজের মন্তব্য লিখতে পারেন। দর্শক যখন নিজেদের ভালোলাগা কিংবা মন্দলাগার বিষয়গুলো প্রকাশ করেন, তখন আরও সচেতন হওয়ার চেষ্টা করি। আরও ভালো দেওয়ার চেষ্টা থাকে। কীভাবে নিজেকে ভাঙা যায় সে চেষ্টা করি।

* ঈদে অভিনয়ে কম দেখা যায় আপনাকে। এটি কি ইচ্ছা করে?

** ইচ্ছা করে এটা বলা যাবে না। সত্যিকার অর্থে, আমি ওটিটিতে বেশি ফোকাস দিচ্ছি কাজের ক্ষেত্রে। আমি মনে করি নতুন কোনো মাধ্যমে ফোকাস দিতে গেলে আগে নিজেকে তৈরি করতে হয়। আমি যেহেতু এখন ওটিটিতে বেশি ব্যস্ত, এজন্য এখানে নিজেকে নতুন করে আবিষ্কার করার চেষ্টা করছি। তবে টিভি নাটকে অভিনয় যে একেবারই কম করছি, এটিও বলা যাবে না। আগামী কুরবানির ঈদে আমার অভিনীত একাধিক নাটক প্রচার হবে। আশা করি দর্শক পছন্দ করবেন আমার নাটকগুলো।

* চলতি বছর তো অভিনয়ের জন্য পুরস্কারও পেয়েছেন। এগুলো কী কাজের দায় বাড়িয়ে দেয় বলে মনে করেন?

** কোনো অভিনেতা বা শিল্পী চায় না তার কাজটা খারাপ হোক। আমিও চাই না যে, ভক্তরা আমার কাজে অখুশি হোক। তাই বলছি পুরস্কার পেলেই যে দায় বেড়ে যায় বিষয়টি এমন নয়। তবে হ্যাঁ, পুরস্কার পেলে নতুন নতুন আরও কাজ করতে আগ্রহ পাই। মনে হয় কিছু একটা করেছি, তাই আমাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আরও ভালো করলে আরও স্বীকৃতি পাব। এই আর কি।

* আপনার অভিনীত কয়েকটি ওয়েব সিরিজ প্রচার হয়েছে। সেগুলোতে দর্শক সাড়া কেমন?

** ভালো সাড়া পাচ্ছি। ‘কারাগার’ নামে একটি সিরিজের প্রথম ও দ্বিতীয় সিক্যুয়াল প্রকাশের পর যার সঙ্গেই দেখা হচ্ছে অভিনয়ের প্রশংসা করছেন। এটা খুব ভালো লাগছে। আসলে কাজ ভালো হলে এবং সে কাজ মানুষ দেখতে পেলে অবশ্যই প্রশংসা করেন। আমার কাছেও যাদের কাজ ভালো লাগে তাদের সঙ্গে দেখা হলে বলি যে, এ কাজটি অসাধারণ হয়েছে।

* ওটিটিতে যেসব কন্টেন্ট প্রচার হয় এগুলো কী সবার কাছে পৌঁছায় বলে মনে করেন?

** আমি মনে করি অনেক দর্শকের কাছে পৌঁছানোর আগে আমাকে ভালো গল্পের কাছে যেতে হবে। গতানুগতিক গল্পের চেয়ে ইউনিক ও ভালো গল্পের কাজ হওয়া জরুরি। ভালো গল্প হলে মানুষ পছন্দ করবেই এবং দেখবেই। উদাহরণ স্বরূপ বলা যায় ‘কারাগার’ ও ‘মায়াশালিক’র কথা। এগুলো কিন্তু দর্শক দেখছেন। যার ফলে একের পর এক ভালো কাজ আসছে। নতুন অনেকে কাজে আসছেন। অনেকেই খুব ভালো করছেন।

* অভিনয় ব্যস্ততার মাঝে নাটক দেখা হয় কী?

** আমি প্রতিদিনই সময় করে নাটক দেখি। আমাদের দেশের নাটক দেখার পাশাপাশি কোরিয়ান নাটক দেখা হয়। কোরিয়ান ওয়েব ফিল্ম বা সিরিজ বিগত কয়েক বছর সময় পেলেই দেখি। আমাকে কোরিয়ান গল্প খুব টানে। মন চায় ওই দেশের গল্পে কাজ করি। মন চায় নির্মাতাদের কাছে বিষয়গুলো শেয়ার করি।

* বর্তমান ব্যস্ততা কী নিয়ে?

** কুরবানির ঈদের কাজ হাতে এসেছে। ওটিটির কাজ নিয়ে বেশ ব্যস্ততা যাচ্ছে। কয়েকটি কাজ এরই মধ্যে শেষ করেছি। কুরবানির ঈদের জন্য নির্মিত কয়েকটি একক নাটকের কাজ শেষ করেছি। এগুলো প্রচারে এলে দর্শকদের ভালো লাগবে আমার বিশ্বাস।

Advertisement

ভাঙা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম