শাকিবের বৃদ্ধ লুকের জন্য কত টাকা খরচ হয়েছে?
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৩, ০১:০৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
চামড়ায় ভাঁজ পড়েছে। গালে, কপালে ফুটে উঠেছে বলিরেখা। ঘাড় অবধি লম্বা কাঁচাপাকা চুল। মুখভর্তি দাড়ি। ৮০ বছরের বৃদ্ধরূপে দর্শকের সামনে ধরা দেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান।
প্রথমে নায়ককে দেখে কেউ চিনতে পারেননি। আগে এভাবে কখনো প্রকাশ্যে আসেননি অভিনেতা। এই প্রথম ‘প্রিয়তমা’ ছবির জন্য শাকিবকে দেখা গেল এমন চেহারায়। ফলে তার অনুরাগীদের কাছে তার এই লুক যেন বড় চমক।
আসন্ন ঈদে মুক্তি পেতে চলেছে শাকিব খান অভিনীত 'প্রিয়তমা'। ‘প্রিয়তমা’য় শাকিবের ফার্স্ট লুক নিয়ে আলোচনার শেষ নেই।
কিন্তু এ লুকের জন্য কত খরচ হয়েছে? কতটা সময় লেগেছে?
ছবির পরিচালক হিমেল আশরাফ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ছয়-সাত মিনিটের এই অংশ করতে শাকিব খান রাজি হবেন কিনা, সেটি নিয়ে ভাবনা ছিল। কিন্তু চিত্রনাট্য পড়ে বৃদ্ধের অংশটুকু করতে দারুণ আগ্রহী হয়ে ওঠেন শাকিব। নিজে থেকেই বারবার তাগাদা দিতে থাকেন। সামান্য একটা অংশের জন্য বড় বাজেট বরাদ্দ করতে হয় আমাদের। প্রস্থেটিক রূপসজ্জায় দক্ষ একটি টিমের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের ১৫ দিন সময় দিতে হয়েছিল। শাকিবের এই লুকের নেপথ্যে রয়েছেন শিল্পী সবুজ খান।
সবুজ খান বলেন, প্রস্থেটিক মেকআপ করাটা কঠিন। দীর্ঘ সময় প্রয়োজন হয়। একটানা বসে থাকতে হয়। ভুল করা যাবে না। সব আলাদা করে লিখে রাখতে হয়। মেকআপের কাজগুলোও ভাগ করে দিতে হয়। শুটিংয়ের সময় এই মেকআপ দিতে আমাদের প্রতি দিন ছয় থেকে সাত ঘণ্টা লাগত। এই মেকআপ তুলতেও আবার তিন ঘণ্টা সময় লেগেছিল। তিন দিন আগে থেকেই আমরা টানা এই মেকআপের সঙ্গে ছিলাম।
এই মেকআপ করতে যেমন অনেক বেশি সময় লাগে, তেমনই পদ্ধতিও বেশ ব্যয়সাপেক্ষ। তবে একটি সূত্রের খবর, শাকিবের এই লুকের জন্য খরচ হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।
