Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে তথ্যচিত্র

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৯:২৯ পিএম

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে হলিউডে তথ্যচিত্র

Advertisement

২০১৬ সালে হ্যাকিংয়ের কবলে পড়ে বাংলাদেশ ব্যাংক। তাতে দেশের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে হ্যাকাররা হাতিয়ে নেয় ৮১ মিলিয়ন ডলার। তবে হ্যাকারদের সামান্য একটি ভুল টাইপের কারণে আরও বেশি অর্থ চুরি যাওয়া থেকে রক্ষা পায় বাংলাদেশ ব্যাংক। 

বিস্ময়কর গল্পটি এবার উঠে এসেছে সিনেমার পর্দায়। এ ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘বিলিয়ন ডলার হাইস্ট’ শিরোনামের একটি তথ্যচিত্র। 

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে। ১৫ আগস্ট তথ্যচিত্রটি মুক্তি পাবে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্ট থেকে তৈরি ও পরিচালক ড্যানিয়েল গর্ডনের নির্মিত আসন্ন ‘বিলিয়ন ডলার হাইস্ট’ তথ্যচিত্রটি মনে করিয়ে দেয় ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা কতটা বাস্তব ছিল। এ ঘটনার পর বিশ্বের সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞরা কী পরিমাণ সতর্ক হয়ে উঠেছিলেন, সেটিও মনে করিয়ে দেয় এই তথ্যচিত্র।

এটির ট্রেলারে দেখা গেছে, একদল সিকিউরিটি হ্যাকার বাংলাদেশ ব্যাংক থেকে ডলার হাতিয়ে নিতে সক্ষম হয়। হ্যাকারদের সামান্য ভুল টাইপের কারণে আরও অনেক অর্থ হাতিয়ে নেওয়া থেকে রক্ষাও পায় বাংলাদেশ ব্যাংক। 

কীভাবে হ্যাকাররা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন ব্যাংকিং সিস্টেম ব্যবহার করতে সক্ষম হয় তা ‘বিলিয়ন ডলার হাইস্ট’-এ উঠে এসেছে। এ সিস্টেম ব্যবহার করে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ডলার চুরি করা হয়।

তথ্যচিত্রে বিভিন্ন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং লেখক মিশা গ্লেনির সঙ্গে একাধিক সাক্ষাৎকার রয়েছে। যেখানে দেখানো হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে সাইবার ক্রাইম কতটা পরিশীলিত এবং প্রচলিত হয়ে উঠেছে। 

বলা হয়েছে, সমন্বিত সাইবার আক্রমণগুলো মানবতার জন্য একই ধরনের হুমকি তৈরি করে; যেমনটা করে থাকে মহামারি, গণবিধ্বংসী অস্ত্র এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো। 
 

Advertisement

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরি হলিউড তথ্যচিত্র

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম