Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সে আমার কাছে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চেয়েছিল: চমক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩, ০২:২২ পিএম

সে আমার কাছে বন্ধুত্বের চেয়ে বেশি কিছু চেয়েছিল: চমক

Advertisement

জনপ্রিয় টিভি অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি তার বিরুদ্ধে সহকর্মীর সঙ্গে শুটিং সেটে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে লিখিত অভিযোগ জমা পড়েছে ডিরেক্টরস গিল্ডে।

জানা গেছে, গত শুক্রবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নাটকের শুটিং চলছিল। সময়মতো সেটে না আসায় ফোন করাতেই নাকি রেগে যান নায়িকা। এর পর বিভিন্ন সময় শুটিং সেটে ক্ষোভ ঝাড়েন তিনি।  বিষয়টি নিয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ দিয়েছেন নাটকটির নির্মাতা আদিব হাসান। 

এ বিষয়ে চমকের সঙ্গে যোগাযোগ করা হলে একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, চক্রান্ত করেই তার বিরুদ্ধে কয়েকজনে মিলে এই অভিযোগ এনেছেন। 

কি চক্রান্ত বা কারা এমনটা করছেন জানতে চাইলে এই অভিনেত্রীর ভাষ্য, ‘আমি শুটিংয়ে দেরি করে আসিনি। ১১টায় শুটিং সেটে পৌঁছেছি। মেকআপ রুমে ১ ঘণ্টার মত ওয়েট করেছি, এর পর আমার আরেক সহকর্মী আরশ খান আসেন। তাহলে আমি পরে এসেছি এটা কিভাবে বলেন।’ 

চমক যোগ করেন- ‘অভিনেতা আরশ খান ও নির্মাতা মিলে চক্রান্ত করে এটি ছড়াচ্ছে। কারণ আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায় সে। যে কারণে আমাদের মাঝে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকেই তিনি এটা ছড়াচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘তরুণ অভিনেতা আরশ খানের উস্কানিতেই সবাই আমার বিরুদ্ধে কথা বলছেন। কারণ সে ইমোশন দিয়ে মানুষকে মেনিপুলেট করতে পারে। সে শুটিংয়ের সবাইকেই কনভিন্স করে আমাকে নিয়ে নেগেটিভ বলাচ্ছে।’

এদিকে অভিযোগ সূত্রে জানা গেছে, সময়মতো সেটে না আসায় ফোন করাতেই নাকি রেগে যান চমক। এর পর বিভিন্ন সময় শুটিং সেটে ক্ষোভ ঝাড়েন তিনি। এতে যখন নাটকটির নির্মাতা আদিব হাসান তাকে বলেন, ‘আপনি যেভাবে রিঅ্যাক্ট করছেন, এরকম কোনো ঘটনাই এখানে ঘটেনি। আপনি কেন তাদের ধমকাচ্ছেন?’ এমনটা শোনার পর আরও বেশি উত্তেজিত হন চমক। নির্মাতাকে সাফ জানিয়ে দেন, তিনি আর শুটিং করবেন না। নির্মাতা তাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় নির্মাতার সঙ্গে ছিলেন সিনিয়র অভিনেতা মাসুম বাশার।

একপর্যায়ে পুলিশে খবর দেন চমক। এ সময় কাঁদতে কাঁদতে তিনি অভিযোগ করেন, মাসুম বাশারসহ সেটের অনেকে তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে সেখানে উপস্থিত হন অভিনয়শিল্পী সংঘের যুগ্মসাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। তিনি সবার সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এর পর শুটিং সেট থেকে চমককে নিয়ে চলে যান চুমকি। এ ঘটনায় বন্ধ হয়ে যায় শুটিং।

ঘটনার বিষয়ে নির্মাতা আদিব হাসান বলেন, ‘ওই দিন শুটিং সেটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ দিয়েছি। বিষয়টি সাংগঠনিকভাবে বিচারাধীন। তাই এ বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না। আজ এ নিয়ে আলোচনা হওয়ার কথা আছে।’

Advertisement

বন্ধু অভিযোগ চমক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম