Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিদায় বেলায় পরিণীতির চোখে জল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

বিদায় বেলায় পরিণীতির চোখে জল

Advertisement

পাত্র–পাত্রী দুজনেই পাঞ্জাবি। তাই বিয়ের সব আচার-অনুষ্ঠান পাঞ্জাবি রীতি অনুযায়ী হয়েছে। তাদের বিয়ের থিম ‘পার্ল হোয়াইট’ রাখা হয়েছিল। রোববারের গোধূলি আলোয় সাত পাকে বাঁধা পড়েছেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা আর বলিউড নায়িকা পরিণীতি চোপড়া। 

উদয়পুরের লীলা প্যালেসে রাঘব-পরিণীতির বিয়ের আসর বসেছিল সেদিন। রাঘব আর বরযাত্রীদের ঠিকানা ছিল তাজ লেক প্যালেস। বেলা তিনটা নাগাদ রাঘব তার পরিবার আর বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়ে তাজ লেক প্যালেস থেকে নৌকায় চেপে লীলা প্যালেসে পৌঁছেছিলেন। আর অন্য নৌকায় ছিল ব্যান্ড পার্টির দল। 

রাজস্থানি আর পাঞ্জাবি আন্দাজে পুষ্পবৃষ্টির সঙ্গে বরযাত্রীদের লীলা প্যালেসে স্বাগত জানানো হয়েছিল। সমগ্র প্যালেস সাদা ফুল আর একই রঙের পর্দা দিয়ে সাজিয়ে তোলা হয়েছিল। এরপর অগ্নিসাক্ষী রেখে মালা বদল ও বিয়ে পর্ব শেষ হয়।

বিদায় বেলায় আবেগপ্রবণ হয়ে পড়েন কনে। তার দুচোখ জলে ভরে উঠেছিল। সাদা ফুল দিয়ে সাজানো ভিন্টেজ গাড়িতে নবপত্নীকে নিয়ে যান বর। 

রোববার সন্ধ্যা থেকেই লীলা প্যালেস আলোয় আলোয় ঝলমল করে উঠেছিল। রাতে ছিল জমকালো পার্টি। সবাই একঝলক বর-কনে দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন। সন্ধ্যা গড়িয়ে রাত, রাত পার হয়ে সকাল। অবশেষে আজ সোমবার সকালে নবদম্পতি রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়ার বিয়ের ছবি প্রকাশ্যে এলো। 

এই মুহূর্তে নেট দুনিয়ায় ঝলমল করছে রাঘব আর পরিণীতির ভালোবাসা মাখা গুটিকয়েক বিয়ের ছবি। সাদা শেরওয়ানি, মাথায় সাদা পাগড়ি পরে এ সন্ধ্যায় রাঘব হয়ে উঠেছিলেন রূপকথার রাজপুত্র আর পরিণীতির পরনে ছিল আইভরি রঙের লেহেঙ্গা-চোলি, মাথায় একই রঙের ওড়না, হিরে ও পান্নার অলংকার। তার ওড়নাতে সোনালি সুতোর কারুকাজে জ্বলজ্বল করছিল ‘রাঘব’-এর নাম। এ সন্ধ্যায় কনের সাজে পরিণীতি হয়ে উঠেছিলেন অপরূপা। 

রাতের জমকালো পার্টিতে দেখা গেছে পরিণীতির মাথায় রাঘবের নামের সিঁদুর জ্বলজ্বল করছে। আর এই রাতে তিনি গোলাপি রঙের শাড়িতে স্নিগ্ধতা ছড়িয়েছেন। আর তার গলায় ছিল হীরের নেকলেস, হাতে গোলাপি রঙের ‘চূড়া’। 

রাঘব পরেছিলেন কালো রঙের স্যুট। বিয়ের রিসেপশন পার্টির থিম ছিল সাদা-কালো। এই হাইপ্রোফাইল বিয়েতে এসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা, মনীশ মালহোত্রাসহ তারকারা।

সোমবার সকাল থেকে সবাই যে যার গন্তব্যে রওনা দিয়েছেন। শোনা গেছে, আজই রাঘব আর পরিণীতি দিল্লির উদ্দেশে রওনা দেবেন। আর নবদম্পতির চ্যাটার্ড প্লেনে যাওয়ার কথা। 

বিয়ে উপলক্ষে তিনটি পার্টির আয়োজন করেছেন। প্রথম পার্টিটি দিল্লিতে হওয়ার কথা। এই পার্টিতে রাজনৈতিক জগতের অনেক নেতাকে দেখা যাবে। ৩০ সেপ্টেম্বর চণ্ডীগড়ে আর মুম্বাইতে তৃতীয় পার্টি হওয়ার কথা শোনা যাচ্ছে। এই পার্টিতে বিটাউন তারকাদের সমাগম হবে বলে জানা যায়। 

Advertisement

পরিণীতি রাঘব জমকালো পার্টি বিদায় বেলা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম