Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অনেক শিল্পীই বাণিজ্যিকভাবে ইউটিউবিং করছে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৩:৩৩ এএম

অনেক শিল্পীই বাণিজ্যিকভাবে ইউটিউবিং করছে

Advertisement

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ঝিলিক। রিয়েলিটি শোয়ের মাধ্যমে সংগীত জগতে যাত্রা শুরু তার। এরইমধ্যে স্টেজ, অ্যালবাম, প্লেব্যাক- প্রতিটি ক্ষেত্রেই দক্ষতার প্রমাণ দিয়েছেন। নিয়মিত নতুন গানও প্রকাশ করছেন। বর্তমান ব্যস্ততা এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আজকের ‘হ্যালো...’ বিভাগে কথা বলেছেন তিনি।   

বর্তমানে কী নিয়ে ব্যস্ত?

গানকেই আমি পেশা হিসাবে নিয়েছি। এর পাশাপাশি অন্য কোনো কাজ আমার নেই। তাই গান নিয়েই ব্যস্ত থাকি। নতুন কিছু মৌলিক গানের রেকর্ডিং করেছি। পাশাপাশি বিভিন্ন চ্যানেলে নিয়মিত শো করছি। লাইভ মিউজিক প্রোগ্রাম থাকে, সেখানে গান গাইছি। এছাড়া স্টেজ শো নিয়ে সারা বছরই কম-বেশি ব্যস্ত থাকি। আর শীতকাল আসছে, তাই অন্য সময়ের চেয়ে কনসার্ট বা স্টেজ শো নিয়ে বেশি ব্যস্ত থাকব। অবশ্য হরতাল-অবরোধে কিছু শো বাতিলও হয়েছে।

নতুন কী গান আসছে?

এখন তো অ্যালবামের প্রচলন নেই, তাই সিঙ্গেল গানই আসবে। কিছু দ্বৈত গানও করেছি। যার মধ্যে একটা ইমরানের (সংগীতশিল্পী ইমরান মাহমুদুল) সঙ্গে। এরইমধ্যে গানের রেকর্ডিং শেষ করেছি। শিগগির ভিডিওর কাজ করব। তবে গানটির শিরোনাম আমরা এখনও চূড়ান্ত করিনি। এছাড়া একটা সিনেমার গানের রেকর্ডিংও শেষ। ইমন চৌধুরীর কম্পোজিশনে গানটি করেছি। এটাও ইমরানের সঙ্গে।

দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ার আপনার। কিন্তু প্লেব্যাক কম কেন?

আমি কম করি, বিষয়টা এমন নয়। যারা সিনেমার জন্য গান তৈরি করেন তারা আমার কাছে আসেন না। বেশিভাগ সময় দেখা যায়, নির্দিষ্ট কিছু মানুষই সিনেমার জন্য গান করছেন। সিনেমার পরিচালক বা সংগীত পরিচালকও সেই তালিকার বাইরে যান না। এখন কেউ যদি আমাকে দিয়ে গান না গাওয়াতে চান, আমি তো জোর করতে পারি না।

সেই তালিকায় আপনি কেন নেই?

জানি না। জানার চেষ্টাও করিনি। কার কাছেইবা জানতে চাইব। সিনেমার পরিচালক বা সংগীত পরিচালকের কাছে? কি দরকার। আমার চাহিদা খুব কম। আমি অল্পেই খুশি। যা করছি, যতটুকু করছি, আমি তাতেই খুশি। এর বেশি চাহিদা আমার নেই। নিয়মিত স্টেজ শো করছি, মঞ্চে উঠছি, শ্রোতারা আমার গান উপভোগ করছেন, আমার গান শুনতে চাইছেন- এটাই আমার কাছে অনেক বড় পাওয়া।

আপনার সংগীত জীবনের শুরু ক্লাসিক গান দিয়ে। কখনও পূর্ণাঙ্গ ক্লাসিক্যাল গানের অ্যালবাম করার চিন্তা করেছেন?

চিন্তা করেছি, তবে একটা পুরো অ্যালবাম করার সামর্থ্য আমার নেই। একটা অ্যালবাম করতে গেলে দশ-বারোটা গান প্রয়োজন। সেগুলো লেখা, সুর করা, কম্পোজ করা, তারপর অ্যালবাম আকারে প্রকাশ করা অনেক খরচ এবং সময়ের ব্যাপার। কেউ যদি আমাকে এই জায়গাগুলোতে সহযোগিতা করে, তবে অবশ্যই একদিন শুধু ক্লাসিক্যাল অ্যালবাম করব।

গান সুর করার ইচ্ছা আছে?

অবশ্যই। অনেকদিন ধরেই ভাবছি যে সুর করব। কিছু কিছু সুর মাথায়ও এসেছে। সেগুলো রেকর্ড করে রেখে দিয়েছি। কিন্তু একটা পুরো গানের জন্য সুর এখনো ভাবিনি বা করিনি। আসলে ইচ্ছা থাকলেও ঠিক আনুষ্ঠানিকভাবে করা হচ্ছে না। তবে এবার সিদ্ধান্ত নিয়েছি যে করতেই হবে। এখনই উপযুক্ত সময়। শিগগির এটা নিয়ে কাজ শুরু করব।

আপনার সমসাময়িক অনেক শিল্পীর ইউটিউবে নিজস্ব চ্যানেল আছে। আপনি পিছিয়ে কেন?

আগেই বলেছি, নিজের কিছু করা মানে অনেক সময় এবং পরিশ্রম দেয়া। ইউটিউব চ্যানেলটাও তাই-ই। অনেক শিল্পীই বাণিজ্যিকভাবে ইউটিউবিং করছে। আর এর জন্য নিয়মিত লেগে থাকতে হবে। অনেক কিছু পরিকল্পনা করতে হবে। আমি এখনো নিজেকে সেভাবে গুছিয়ে নিতে পারিনি। তবে চেষ্টা করছি।

নূসরাত অনন্যা

Advertisement

ইউটিউবিং

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম