‘যাহা বলিব সত্য বলিব’ মুডে রয়েছি, কেন বললেন মিমি
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তবে সম্প্রতি যাদবপুরের তৃণমূল এমপি পদ থেকে ইস্তফা দিতে চেয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে চিঠি দিয়েছেন মিমি চক্রবর্তী।
তার পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা— আসন্ন ভোটে তিনি কি তৃণমূলের প্রার্থী হবেন? তবে রাজনৈতিক এই জল্পনার মধ্যে মিমি কিন্তু ঠান্ডা মাথায় অভিনয় চালিয়ে যাচ্ছেন।
এ মুহূর্তে তিনি শহরে ‘আলাপ’ ছবির শুটিং করছেন। শুক্রবার এই ছবিতে তার অংশের শুটিং শেষ হয়ে যাওয়ার কথা। রাজনৈতিক মহলে তাকে নিয়ে আলোচনা এবং নিজের অভিনেত্রী সত্তা— কীভাবে ‘ব্যালান্স’ করছেন?
আনন্দবাজার অনলাইনের প্রশ্নের জবাবে যাদবপুরের সাংসদ বলেন, ‘আমি সে দিনও যা বলেছি, এখনো তাই বলছি। এর পর কী হবে, সেটা সময় এবং পরিস্থিতির ওপর নির্ভর করবে।’
মিমির মতে, তিনি সততার সঙ্গেই কথা বলেন। তাই নিজের সাম্প্রতিক ওয়েব সিরিজ়ের শিরোনাম উদ্ধৃত করে বললেন, আমি এখন ‘যাহা বলিব সত্য বলিব’ মুডে রয়েছি। সাময়িক কোনো মুহূর্তের কথা ভেবে আমি কথা বলি না, যা বলি খুব ভেবেচিন্তেই বলি।
রাজ্য রাজনীতির অন্দরে এই মুহূর্তে যাদবপুরের সাংসদকে নিয়ে একাধিক ‘গুঞ্জন’। কিন্তু সে প্রসঙ্গে কোনো মন্তব্য করতে নারাজ মিমি। তিনি বলেন, ‘যার যেটা ইচ্ছে বলতেই পারেন। সঠিক সময়েই সব প্রশ্নের উত্তর দেবে।’
