বিচ্ছেদের গুঞ্জনে ইতি টানলেন নয়নতারা
Advertisement
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৯:০৮ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছে, ঘর ভাঙতে বসেছে দক্ষিণী সুপারস্টার নয়নতারার। কয়েকদিন আগেই স্বামী বিঘ্নেশ শিবনকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন ‘জওয়ান’ তারকা। এরপরই জল্পনা আরো বাড়তে শুরু করে। তবে বিচ্ছেদের সেই গুঞ্জনে এবার ইতি টানলেন অভিনেত্রী। পোস্ট করলেন স্বামী আর যমজ পুত্রের সঙ্গে পারিবারিক মুহূর্তের একটি ছবি।
গত বৃহস্পতিবার একটি রহস্যজনক ইঙ্গিতপূর্ণ নোট শেয়ার করেছিলেন নয়নতারা।
জানিয়েছিলেন, তিনি হারিয়ে গিয়েছেন। যা দেখে অনেকেই ভেবেছিলেন, হয়তো নয়নতারার দাম্পত্য জীবনে তাল কেটেছে। এমনকি তার আর বিঘ্নেশের মাঝে কিছুই ঠিক নেই। তবে সেই সব গুঞ্জনের মাঝে পারিবারিক মুহূর্তের একটি ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
ছবিটিতে দেখা যাচ্ছে, সপরিবার বিমানে চেপেছেন নয়নতারা। পরিবার নিয়ে ছুটি কাটাতে জেদ্দা পাড়ি দিয়েছেন তিনি। অভিনেত্রীর পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বিমানে এক পুত্রকে কোলে নিয়ে নিজের মিষ্টি হাসি ছড়িয়ে দিচ্ছেন নয়নতারা। আর তার পাশেই হাসিমুখে বসে রয়েছেন স্বামী বিঘ্নেশ। তার কোলে দম্পতির আরেক পুত্রসন্তান। ছবির সঙ্গে ক্যাপশনে জওয়ান অভিনেত্রী লিখেছেন, বহু সময় পর আমার ছেলেদের সঙ্গে ভ্রমণ।
ওই তারকা-দম্পতির বিচ্ছেদের গুঞ্জন তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্য সংবাদমাধ্যমের কাছে একটি সূত্র দাবি করেছিল, নয়নতারা আর বিঘ্নেশ মোটেই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন না। তাদের সম্পর্ক আরও মজবুত হচ্ছে। আর যমজ পুত্র উয়ির এবং উলাগামের সঙ্গে প্রতিটা মুহূর্ত উপভোগ করছেন। আসলে দুই সন্তানই নানাভাবে এই দম্পতিকে কাছাকাছি আনছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ৯ জুন সাতপাকে বাঁধা পড়েছিলেন নয়নতারা এবং বিঘ্নেশ শিবন। চেন্নাইয়ের বাইরে মহাবলীপুরমে বসেছিল ওই তারকা জুটির বিয়ের আসর। সুপারস্টার রজনীকান্ত, অজিত কুমার, বিজয় সেতুপতি সামিল হয়েছিলেন ওই বিয়ের অনুষ্ঠানে। এমনকি বিঘ্নেশ-নয়নতারার বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানও। ২০২২ সালের অক্টোবর মাসেই সারোগেসির মাধ্যমে যমজ সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন নয়নতারা-বিঘ্নেশ।
