Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এলেন সালমা তাসনিয়া ও রিমু

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৪, ০৩:১৬ পিএম

বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এলেন সালমা তাসনিয়া ও রিমু

Advertisement

বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছেন ক্লোজআপ তারকা সংগীতশিল্পী সালমা, ছোটপর্দার অভিনেত্রী তানহা তাসনিয়া ও অভিনেত্রী রিমু রোজা খন্দকার। দেশের এ সঙ্কটে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে দেশকে বন্যা থেকে রক্ষায় আকুতি জানিয়েছেন বিনোদন জগতের এ তারকারা। জানিয়েছেন, যে যার অবস্থান থেকে সহযোগিতার আহ্বান।

সংগীতশিল্পী সালমা গতকাল রোববার দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘আমার রেকর্ডিং করা গানের পারিশ্রমিকের পুরোটাই বন্যার্তদের সাহায্যার্থে দিয়ে দিলাম। ইনশাআল্লাহ এই খারাপ পরিস্থিতি চলাকালীন যতগুলো কাজ করব, সবগুলোর পারিশ্রমিকই যুক্ত হবে বিপদগ্রস্ত মানুষের কল্যাণ তহবিলে।’

এ ক্লোজআপ সংগীতশিল্পী বলেন, ‘আমরা তো মানুষ। বন্যায় ঘরবাড়ি হারিয়ে বিপদগ্রস্ত শিশু, বয়স্ক— সব বয়সের মানুষের কষ্ট দেখে মন কাঁদে। তারা তো আমার রক্তের কেউ নন। কিন্তু আমরা তো বাংলাদেশি। আমরা একই আঙিনায় বসবাস করি। আমাদের একটা দায় আছে। আমার অনেক টাকা নেই। যতটুকু আছে, তাই দিয়ে তাদের পাশে দাঁড়াতে চেয়েছি। এ সময়ে প্রতিটি মানুষেরই এগিয়ে আসো উচিত।’

দেশের বিত্তবানদের অনুরোধ করে সালমা বলেন, ‘আমাদের দেশে অসংখ্য মানুষের দেশ–বিদেশে প্রচুর অর্থসম্পদ আছে। আপনাদের এক সমুদ্র অর্থসম্পদ থেকে অল্প করে হলেও বন্যাদুর্গত অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনার সম্পদ কমবে না।’ তিনি বলেন, ‘দেশের বন্যা পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত ভবিষ্যতে যতগুলো গান করব, সব পারিশ্রমিক বন্যার্ত অসহায় মানুষের জন্য দিয়ে দেব।’

গত বৃহস্পতিবার ফেসবুক পেজে বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে একটি পোস্ট দিয়ে ছোটপর্দার অভিনেত্রী তানহা তাসনিয়া লিখেছেন, ‘আগেই ডেট দেওয়া ছিল, তাই শুটিং করতে হচ্ছে। কিন্তু মন অনেক খারাপ আমার। দেশ ভালো নেই। ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গেলে বানভাসি মানুষের করুণ দৃশ্যের ভিডিও দেখলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়।’ আমার দুদিনের শুটিংয়ের পারিশ্রমিক বন্যার্তদের জন্য দিতে চাই।’

তিনি বলেন, ‘এবার বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। আক্রান্ত মানুষের কষ্ট সহ্য করার মতো নয়। খাওয়ার সময় মনে পড়ছে। ঘুমাতে গিয়ে ঘুমাতে পারছি না। দুর্গত এলাকার অসহায় মানুষের মুখ ভেসে উঠছে। আমি তো তাদের জন্য কিছুই করতে পারছি না। তাই যে দুদিন শুটিং করছি, তার পারিশ্রমিক আমারই পরিচিত ফাউন্ডেশনের মাধ্যমে দিয়ে দিচ্ছি।’

এ অভিনেত্রী বলেন, এভাবে সবাই সবার জায়গায় থেকে এগিয়ে এলে, দেখাদেখি আরও অনেকেই এগোবেন। যদিও অনেক পরিচালক, শিল্পী ও কলাকুশলী ইতোমধ্যে অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আবার দল ভাগ করে কেউ কেউ বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ পৌঁছেও দিচ্ছেন।

ছোটপর্দার অভিনেত্রী রিমু রোজা খন্দকার তার দুটি নাটকের পারিশ্রমিক এরই মধ্যে বন্যার্তদের সাহায্যার্থে একটি মানবিক ফাউন্ডেশনের হাতে তুলে দিয়েছেন। গত শনিবার তার ফেসবুক পেজে এ–সংক্রান্ত একটি স্ট্যাটাস দিয়ে রিমু লিখেছেন, ‘আমি দুই দিন শুটিং করেছিলাম, সেই পারিশ্রমিক বন্যার্তদের জন্য একটি সংস্থাকে দিয়ে নিজের ওয়াদা রাখতে পারলাম। আমিন।’

উল্লেখ্য, অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, লক্ষ্মীপুর, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। যার ফলে তলিয়ে গেছে রাস্তাঘাট ও বাড়িঘর। এমনকি পানি উঠেছে মহাসড়ক ও রেললাইনে।

Advertisement

বন্যা বন্যার্তদের সহযোগিতা সংগীতশিল্পী সালমা অভিনেত্রী তানহা তাসনিয়া রিমু রোজা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম