Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

গায়ক অর্ণবের স্ত্রী সুনিধিকে হত্যার হুমকি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০০ পিএম

গায়ক অর্ণবের স্ত্রী সুনিধিকে হত্যার হুমকি

অর্ণব ও সুনিধি। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী গায়িকা সুনিধি নায়েক। ভারতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া ভারতীয় প্রশাসনের পরিচয় দিয়ে এই সংগীতশিল্পীর কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে হুমকিদাতারা। 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে এ ঘটনা ঘটেছে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অজ্ঞাতপরিচয়ে কিছু ব্যক্তি ‘হায়দরাবাদের সিবিআই’ পরিচয় দিয়ে ভিডিও কলের মাধ্যমে সুনিধিকে হুমকি দিতে থাকেন।

সুনিধির অভিযোগ, বুধবার (১১ সেপ্টেম্বর) তার বাড়ির আশপাশে কিছু অপরিচিত মানুষদের ঘোরাফেরা করতে দেখেন। বিষয়টি নিয়ে শান্তিনিকেতন থানার শরণাপন্ন হয়েছেন এই সংগীতশিল্পী।

সাইবার অপরাধীরা ফোনে সুনিধি ও তার বাবাকে খুনের হুমকি দিয়েছে। হুমকিতে ভীতসন্ত্রস্ত হয়ে বৃহস্পতিবার তাদের ৫ লাখ টাকা পাঠিয়ে দেন সুনিধি।

গায়িকা বলেন, ‘ওরা আমার ও বাবার ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য জানে। একটা গল্প বানিয়ে বলে, আর্থিক লেনদেনের মামলায় আমি নাকি ধরা পড়েছি! খুনের হুমকিও দেওয়া হয় আমাদের। বাড়ির বাইরে এক অজ্ঞাতপরিচয়কে ঘোরাঘুরি করতে দেখেছি। ওরা ৬-৭ মাস ধরে নজরদারি চালাচ্ছিল আমার উপরে। এও বলেছে, আমি যদি মুখ খুলি তা হলে নরেশ গোয়েল আমাকে মেরে ফেলবে। হিন্দি এবং ইংরেজিতে কথা বলছিল ওরা।’

সুনিধি আরও বলেন, ‘প্রথমে আমি ভেবেছিলাম সত্যিই হয়ত হায়দরাবাদের সিবিআই পুলিশ ফোন করেছেন। পরে বুঝতে পারি এরা জালিয়াত। তবে এখন প্রশাসন সাহায্য করছে এবং ঘটনার তদন্ত চলছে।’

রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে পরিচিত সুনিধির বাড়ি শান্তিনিকেতনে। বিশ্বভারতীতে তার সঙ্গে অর্ণবের পরিচয়। সুনিধির কণ্ঠে রবীন্দ্রসংগীত শুনে মুগ্ধ হয়েছিলেন অর্ণব। সেই পরিচয় প্রণয়ে রূপ নেওয়ার পর ২০২০ সালের ২৮ অক্টোবর পশ্চিমবঙ্গের আসানসোলে বিয়ে করেন তারা।

Advertisement

অর্ণব সুনিধি নায়েক হত্যার হুমকি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম