Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কথা রাখলেন সুদীপ্তা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪, ১২:০৬ পিএম

কথা রাখলেন সুদীপ্তা

কথা রাখলেন সুদীপ্তা

Advertisement

দেখতে দেখতে দুই মাস হয়ে গেল আরজি করকাণ্ডে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার। এর মধ্যেই কলকাতাবাসী খানিক উৎসবমুখী। রাস্তায় ঢল নেমেছে মানুষের। উৎসবের মধ্যেই মহাষষ্ঠীতেও ধর্মতলার অনশন মঞ্চে আমরণ অনশনে সাতজন চিকিৎসক। বোধনের দিনে টনক নড়ে রাজ্য সরকারের। আন্দোলনকারী ডাক্তারদের বৈঠকে ডেকে পাঠায় স্বাস্থ্যভবন। 

এদিকে ত্রিধারা সম্মিলনী পূজামণ্ডপ থেকে আরজি করকাণ্ডের নির্যাতিতার বিচার চেয়ে স্লোগান দেওয়ায় ৯ জনকে আটক করে নিয়ে গেছে পুলিশ। তা নিয়ে তুমুল বিক্ষোভ শুরু হলো কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের কাছে। রাজ্যের এমন উত্তপ্ত পরিস্থিতিতে মন ভালো নেই টালিউড অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর। 

আরজি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ তিনি। শুরুর দিন থেকে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন, জুনিয়র ডাক্তারদের হয়ে সওয়াল করেছেন। কাঞ্চন মল্লিকের কটাক্ষের প্রতিবাদে রাজ্যসরকারের দেওয়া সম্মান ফিরিয়েছেন। এদিন সুদীপ্তা জানালেন, ছোটবেলার থেকে এই প্রথম দুর্গা ষষ্ঠীর দিন নতুন জামা গায়ে ঠেকাননি তিনি। 

সামাজিকমাধ্যমে পোস্টে সুদীপ্তা লিখেছেন— ‘মা বলেন, পূজার ষষ্ঠীর দিন নতুন জামা পরতেই হয়। ছোটবেলা থেকে এটাই জেনে আর মেনে এসেছি। এই প্রথম দুর্গাপূজা… ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না। আমার মতো করে এটাই আমার প্রতিবাদ। কিছু কিনিনিও। ইচ্ছেও করেনি।’ সুদীপ্তার পোস্টে সমর্থন জানিয়ে অনেকে বলেছেন— ‘এই বছর নতুন জামা কিনিওনি, পরিওনি।’ 

 মুখ্যমন্ত্রীর ‘উৎসবে ফিরুন’ মন্তব্য়ের বিরোধিতা করেছিলেন সুদীপ্তা। জানিয়েছিলেন, ‘উৎসবে ফিরছি না’। নিজের কথার দাম রেখেছেন তিনি। দুদিন আগেই পূজার উদ্বোধন নিয়ে মুখ্যমন্ত্রীকে পরোক্ষে কটাক্ষ করতেও ছাড়েননি জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী। তিনি লিখেছিলেন— ‘ওটা ডাক্তারদের সমস্যা, ডাক্তাররা বুঝে নেবেন। সবাই উৎসবে ফিরুন দয়া করে। উদ্বোধন হয়ে গেছে অনেকগুলো পূজাই। বাকিগুলোতে আর্ট ওয়াক চলছে।’ পূজার উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর ছবি আঁকাকে বিঁধেই এই পোস্ট, তা বুঝতে অসুবিধা হয়নি কারও। 

আরজি করের জুনিয়রদের পাশে দাঁড়িয়ে সিনিয়রদের ডিউটি থেকে ইস্তফা হোক বা অনশন মঞ্চ থেকে অনশনরত চিকিৎসকদের মর্মস্পর্শী ভিডিও পোস্ট, সুদীপ্তার সোশ্যাল মিডিয়াজুড়ে এখন শুধুই প্রতিবাদ। দুর্গাপূজার উৎসবে যোগ না দিলেও সমাজ শোধনের উৎসবে শামিল হয়েছেন তিনি।

Advertisement

সুদীপ্তা আরজি করকাণ্ড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম