Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিষেকের স্কুলজীবনের প্রেমিকা ভাঙন ধরান ঐশ্বরিয়ার সংসারে!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৪:১৭ পিএম

অভিষেকের স্কুলজীবনের প্রেমিকা ভাঙন ধরান ঐশ্বরিয়ার সংসারে!

ছবি: সংগৃহীত

Advertisement

ঘটনা ২০১৩ সালের। শক্তিমান বলিউড অভিনেতা ইরফান খানের মুক্তি পাওয়া ‘দ্য লাঞ্চবক্স’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন অভিনেত্রী নিমরত কৌর। এরপর অক্ষয় কুমারের সঙ্গে ‘এয়ারলিফ্ট ’ এবং অভিষেক বচ্চনের সঙ্গে ‘দশভি’ ছবিতে অভিনয় করেন তিনি।

শোনা গেছে, অভিষেক বচ্চনের সঙ্গে নাকি দীর্ঘদিনের প্রেমসম্পর্ক। বলি অভিনেতার পাশাপাশি নাম জড়িয়েছিল দক্ষিণের খ্যাতনামা তারকার সঙ্গেও। প্রেমিকের তালিকা থেকে বাদ পড়েননি সাবেক ভারতীয় এক ক্রিকেটারও। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে ফের চর্চায় এসেছেন নিমরত কৌর।

১৯৮২ সালের মার্চ মাসে রাজস্থানের এক শিখ পরিবারে জন্ম নিমরত কৌরের। তার বাবা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। দিল্লির স্কুল ও কলেজ থেকে পড়াশোনা করার পর মুম্বাই চলে যান নিমরত। মুম্বাইয়ে যাওয়ার পর মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি থিয়েটারেও অভিনয় করেন নিমরত কৌর।

কুমার শানু ও শ্রেয়া ঘোষালের মতো সংগীতশিল্পীদের মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা গেছে নিমরতকে। নামি সংস্থার একাধিক বিজ্ঞাপনেও অভিনয় করেছেন তিনি।

২০০৬ সালে ‘ওয়ান নাইট উইথ দ্য কিং’ নামের একটি ইংরেজি ছবিতে ছোট চরিত্রে অভিনয়ের সুযোগ পান নিমরত। ২০১২ সালে অনুরাগ কাশ্যপের প্রযোজনায় ‘পেডলার্স’ নামের হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে। কান চলচ্চিত্র উৎসবে এই ছবি প্রদর্শনের পর বহুল প্রশংসা পান নিমরত।

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘লভ শভ তে চিকেন খুরানা’ নামের একটি হিন্দি ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেন নিমরত কৌর। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে চকোলেটের এক খ্যাতনামা সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তিনি।

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘সজিনী শিন্ডে কা ভাইরাল ভিডিও’ ছবিতে ইনস্পেক্টরের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান নিমরত। বড়পর্দার পাশাপাশি ‘লভ শট্স’, ‘দ্য টেস্ট কেস’ এবং ‘স্কুল অব লায়েজ়’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি।

এর আগে ২০১৮ সালে ভারতীয় দলের সাবেক কোচ রবি শাস্ত্রীর সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল নিমরতের। মুম্বাই মিরর সূত্রে খবর— রবির সঙ্গে নাকি দুই বছরেরও বেশি সময় সম্পর্কে ছিলেন অভিনেত্রী।

রবির সঙ্গে নিমরতের আলাপ হয়েছিল গাড়ি উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে। নিমরত পরে সামাজিকমাধ্যমে শাস্ত্রীর সঙ্গে তার সম্পর্কের কথা অস্বীকার করেন। এই প্রসঙ্গে অসন্তোষও প্রকাশ করেন তিনি।

নিমরতের সঙ্গে সম্পর্কের খবর ছড়িয়ে পড়ায় সামাজিকমাধ্যমে বিদ্রূপের মুখে পড়েছিলেন রবি। অবশ্য মুম্বাইয়ের এক দৈনিকে নিমরতের সঙ্গে সম্পর্কের বিষয়টি সম্পূর্ণ রটনা বলে দাবি করেন রবি।

শোনা যায়, দক্ষিণের জনপ্রিয় তারকা এবং ‘বাহুবলী’র অভিনেতা রানা দগ্গুবতীর সঙ্গেও নাকি সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নিমরত। কিন্তু এ প্রসঙ্গে কোনো তারকাই মুখ খোলেননি।

বলিপাড়ার অন্দরমহলে কান পাতলে শোনা যায়, বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয়ের সঙ্গেও নাকি সম্পর্ক ছিল নিমরতের। তবে বলিউডের অধিকাংশ এ খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

বলিপাড়ার একাংশের দাবি, ‘দশভি’ ছবির শুটিংয়ের সময় নাকি অভিষেকের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন নিমরত। দুজনে নাকি প্রেমের সম্পর্কেও জড়িয়ে পড়েছিলেন। নিমরতের কারণেই নাকি অভিষেকের সঙ্গে ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসারে চিড় ধরে। বলিউডের গুঞ্জন— পরে নিজের ভুল বুঝতে পেরে নাকি নিমরতের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন অভিষেক। কিন্তু ঐশ্বরিয়ার সঙ্গে তার দূরত্ব মেটেনি।

এক সাক্ষাৎকারে নিমরতের সামনেই ঐশ্বরিয়ার প্রশংসা করেছিলেন অভিষেক। তিনি জানিয়েছিলেন, ঐশ্বরিয়াকে সব রকম কঠিন পরিস্থিতিতে পাশে পেয়েছেন। ঐশ্বর্যাকে স্ত্রী হিসাবে পেয়ে নিজেকে ভাগ্যবানও বলেছেন তিনি।

অন্যদিকে অভিষেকের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় নিজের স্কুলজীবনের প্রেম নিয়ে আলোচনা করেছিলেন নিমরত। তিনি বলেছিলেন, আমি স্কুলে যার সঙ্গে প্রেম করতাম সে পড়াশোনায় খুব ভালো ছিল। লাজুক স্বভাবের ছিল। রসায়ন বিষয় নিয়ে পড়াশোনার সময় আমায় সাহায্য করেছিল।

নিমরতের কথা শুনে অভিষেক পাল্টা প্রশ্ন করেছিলেন— তিনি কি তোমার রসায়ন শিক্ষক ছিলেন? নিমরত জবাবে বলেছিলেন—না ও আমার শিক্ষক ছিল না। কিন্তু আমি ওর সম্পর্কে বেশি কিছু বলতে পারব না। এখন ও বিবাহিত। সন্তানও রয়েছে। কিছু বললে অকারণে অশান্তি বাঁধবে। নিমরতের পড়াশোনা দিল্লিতে। অভিষেকও তার স্কুলজীবনের কিছুটা সময় দিল্লিতে কাটিয়েছেন। যদিও তারা একই স্কুলে পড়াশোনা করেননি। তবে বলিপাড়ার একাংশের জল্পনা— নিমরত নাকি অভিষেকের ‘স্কুলের প্রেমিকা’। তবে এই দাবি উড়িয়ে দিয়েছেন অনেকেই। বলিপাড়ার গুঞ্জন— ‘দশভি’র সেট থেকেই তাদের প্রেম।

Advertisement

বলিউড অভিষেক বচ্চন ঐশ্বরিয়া রাই

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম