Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার ‘সন্তান’র মুখ্য চরিত্রে ফাটাকেষ্ট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৫৩ পিএম

এবার ‘সন্তান’র মুখ্য চরিত্রে ফাটাকেষ্ট

ছবি: সংগৃহীত

Advertisement

দুর্গাপূজার ছবির রেশ কাটতে না কাটতেই নতুন বাংলা ছবির পোস্টার প্রকাশ্যে এসেছে। দুই মাসের ব্যবধানে আরও একবার বড়পর্দায় শক্তিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপস্থিতির ইঙ্গিত। বছরশেষে মুক্তি পেতে চলেছে রাজ চক্রবর্তী পরিচালিত ছবি ‘সন্তান’। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ফাটাকেষ্টখ্যাত মিঠুন চক্রবর্তী। 

কালীপূজার দিনই নির্মাতারা ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে আনলেন। একই সঙ্গে জানিয়ে দিলেন ছবিটি আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ছবির যে পোস্টার প্রকাশ্যে এসেছে, সেখানে মিঠুন ছাড়াও দেখা গেছে ঋত্বিক চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। বাবা ছেলের সম্পর্কের টানাপোড়েন নিয়েই এ ছবির অন্যতম আকর্ষণ।

ছবিতে বাবার চরিত্রে রয়েছেন মিঠুন এবং ছেলে ঋত্বিক। ছবিতে আইনজীবীর চরিত্রে অভিনয় করেছেন টালি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আইনি লড়াই ছবির অন্যতম আকর্ষণ। যদিও নির্মাতারা এ প্রসঙ্গে এখনই খুব বেশি তথ্য প্রকাশ করতে নারাজ। এ ছাড়া ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, অহনা দত্ত প্রমুখ।

এর আগে গত মার্চ মাসে কলকাতায় ছবির শুটিং শুরু করেছিলেন রাজ। তখন শোনা গিয়েছিল, ছবিটি পূজায় মুক্তি পেতে পারে। কিন্তু শেষ পর্যন্ত আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পেতে চলেছে। পূজায় ‘শাস্ত্রী’ ছবিতে দর্শকদের সামনে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। এবার অন্য অবতারে তিনি কী চমক হাজির করেন, তা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল দানা বেঁধেছে। 

প্রযোজনা সংস্থা এসভিএফ জানিয়েছে, ‘সন্তান’ ডিসেম্বরে মুক্তি পাবে। কিন্তু সেটি বড়দিনে কিনা , তা এখনো স্পষ্ট নয়। তবে ছবিটি বড়দিনে মুক্তি পেলে বক্স অফিসে ফের বাংলা ছবির জোর টক্কর হতে পারে। নেপথ্যে অন্য কারণও রয়েছে।

এখন পর্যন্ত বড়দিনে দুটি বাংলা ছবির মুক্তি নিশ্চিত। রয়েছে দেব অভিনীত ‘খাদান’ এবং প্রতিম ডি গুপ্ত পরিচালিত ছবি ‘চালচিত্র’। এখন এ তালিকায় যুক্ত হতে পারে ‘সন্তান’। পূজায় হিন্দি ছবির পরিবর্তে বাংলা ছবি দেখেছেন দর্শকরা। বছরশেষেও তাদের মধ্যে একই প্রবণতা বজায় থাকে কিনা, সেটিই দেখার বিষয়।

Advertisement

টালিউড মিঠুন চক্রবর্তী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম